এবার পঞ্চম হওয়ার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের কাছে হারের পর খেলোয়াড়দের সঙ্গে ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেছেন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। হারের ম্যাচের ভিডিও নিয়ে কাটাছেঁড়া হলো অনেক। তবে পেছনের হতাশা ভুলে গিয়ে খেলোয়াড়দের নতুন করে উজ্জীবিত করেছেন মালয়েশিয়ান কোচ। এতে কাজ হয়েছে ভালোই। কাল সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৩০) চেয়ে ৮ ধাপ পেছনে থাকা সিঙ্গাপুরের (৩৮) সঙ্গে প্রত্যাশিত জয়ই পেয়েছে জিমিরা (৩০)।
আগের ম্যাচের মতো কালও প্রথম গোলটি করেন ফরহাদ আহমেদ শিতুল। ম্যাচ তখন মাত্রই ১৩ মিনিট গড়িয়েছে। এরপর ২৯ মিনিটে নিলয়ের স্টিক থেকে ব্যবধান দ্বিগুণ হয় বাংলাদেশের। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন কৌশিক। কালকের ম্যাচে হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল না। তবে গ্রিন কার্ড দেখেছেন জিমি, কৌশিক ও মিমো। প্রথম দুই কোয়ার্টার দুর্দান্ত খেলা বাংলাদেশ অবশ্য শেষ দুই কোয়ার্টারে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছে। দিনের অন্য ম্যাচে ইউক্রেন ৪-২ গোলে হারিয়েছে মেক্সিকোকে।
এই জয়ের ফলে আগামীকাল পঞ্চম হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ইউক্রেনের। কিন্তু ইউরোপের এই দলটির সঙ্গে লড়াইটা তত সহজ হবে না বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর আগে এই দলটির সঙ্গেই শেষ প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। অন্তত ড্র নিয়ে ওই দিন মাঠ ছাড়তেই পারত খেলোয়াড়েরা। কিন্তু ম্যাচের ৩০ সেকেন্ড আগে গোল খেয়ে বসে বাংলাদেশ।