এবার পাওয়েলদের দুষলেন ফিজিও
আসাফা পাওয়েল ও শেরন সিম্পসন দোষ চাপিয়েছিলেন ফিজিওথেরাপিস্টের ওপর। তাঁর ব্যবস্থাপত্রে দেওয়া কিছু বাড়তি উপাদানের কারণেই নাকি ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন দুজন। তবে দুই অ্যাথলেটের এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তাঁদের ফিজিও ও সাবেক কানাডিয়ান অ্যাথলেট ক্রিস জুরেব। নিজেরা বাঁচার জন্যই জ্যামাইকান দুই অ্যাথলেট তাঁকে ‘বলির পাঁঠা’ বানাচ্ছেন বলে উল্টো অভিযোগ জুরেবের। আসাফা ও সিম্পসনের ফিজিও হিসেবে মাস দুয়েক আগে নিয়োগ পান জুরেব। তাঁর আসার পর প্রথম পরীক্ষাতেই পজিটিভ দুই অ্যাথলেট! সরাসরি ফিজিওর ওপরই দায় চাপিয়েছিলেন আসাফা ও সিম্পসন। তবে ব্যবস্থাপত্রে নিষিদ্ধ উপাদান থাকতে পারে এমন কিছুই দেননি বলে জোর দাবি জুরেবের, ‘আমি আত্মবিশ্বাসী এবং এ নিয়ে গবেষক ও পুলিশের সঙ্গেও কথা বলেছি। আমি খারাপ কিছুই করিনি।’ নিজেদের অপরাধ আড়াল করার জন্য দুই অ্যাথলেট তাঁকে ফাঁসিয়ে দিতে চাইছেন বলে উল্টো অভিযোগ করেছেন কানাডিয়ান এ ফিজিওথেরাপিস্ট, ‘আমি খুব হতাশ যে ওরা আমাকেই বেছে নিয়েছে অপবাদ দেওয়ার জন্য। বিশ্ব মাদক নিয়ন্ত্রণ সংস্থার উচিত এসব গল্প শোনা বন্ধ করে ওদের দায়ী করা।’ফিজিওকে দোষী প্রমাণিত করতে পারলেও অবশ্য পার পাবেন না দুজন। তবে তদন্তে যদি দেখা যায় সত্যি সত্যি জুরেবের দেওয়া বাড়তি উপাদানের কারণেই তাঁরা ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন তবে শাস্তির মাত্রাটা হয়তো কিছুটা কমবে। ওয়েবসাইট।