এবার পাকিস্তানেও নিষিদ্ধ কানেরিয়া
ইংল্যান্ড ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হয়েছেন। এ শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিলও করেছেন পাকিস্তানি লেগ-স্পিনার দানিশ কানেরিয়া। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছে, ইংল্যান্ডে ওই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তানে কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না কানেরিয়া।পাকিস্তান ক্রিকেটে অবশ্য বেশ আগে থেকেই ‘নিষিদ্ধ’ হয়ে ছিলেন কানেরিয়া। তবে সেটা ছিল অলিখিত। তাঁর সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠিত ‘নৈতিকতা’ কমিটির। যতক্ষণ পর্যন্ত এই সন্দেহ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই লেগ-স্পিনারকে জাতীয় দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিল পিসিবি। বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর এই ‘নৈতিকতা’ কমিটি গঠন করা হয়। গত মাসে ইংল্যান্ড ক্রিকেটে কানেরিয়া আজীবন নিষিদ্ধ হওয়ার পর এবার পিসিবিও নিজেদের অবস্থান স্পষ্ট করল।গতকাল সোমবার এক বিবৃতিতে পিসিবি জানায়, সব দিক পর্যালোচনা করে নৈতিকতা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ইংল্যান্ডে আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তানে কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না কানেরিয়া।বিবৃতিতে জানানো হয়, কানেরিয়ার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি ও পিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালা বিস্তারিত যাচাই-বাছাই করেছে কমিটি।২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের থাকার কথা স্বীকার করায় গত ফেব্রুয়ারিতে কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি।কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগ অবশ্য শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইসিবি ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। ডিসিপ্লিনারি কমিটি সেই অভিযোগের সত্যতা পেয়ে গত মাসে আজীবন নিষিদ্ধ করে কানেরিয়াকে।কানেরিয়াকে ‘ক্রিকেটের জন্য হুমকি’ আখ্যায়িত করে এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘ক্রিকেটের জন্য কানেরিয়াকে বড় হুমকি হিসেবে মনে করছি আমরা। ক্রিকেটকে দুর্নীতি থেকে দূরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব আমরা।’ইসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন কানেরিয়া। স্কাই স্পোর্টস টেলিভিশনকে পাকিস্তানি এই স্পিনার বলেন, ‘এ সিদ্ধান্তে আমি খুবই মর্মাহত। ওরা ঠিক কী কারণে আমাকে অভিযুক্ত করল, আমি জানি না। এটা খুব, খুব বেশি অনৈতিক সিদ্ধান্ত। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ওদের কাছে নেই।’ সূত্র: ওয়েবসাইট।