এবার পাতানোমুক্ত দ্বিতীয় বিভাগ ফুটবল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ে পাতানো খেলা আগের চেয়ে কমেছে, এটা সবাই স্বীকার করছেন। কিন্তু তৃণমূলে সমস্যাটা রয়েই গেছে। তৃণমূলে কারোরই যে নজর থাকে না সেভাবে।
দ্বিতীয়, তৃতীয় বিভাগ, পাইওনিয়ার লিগে পাতানো খেলার অনেক অভিযোগ শোনা গেছে সাম্প্রতিক সময়ে। কিন্তু অভিযোগের প্রমাণ নেই বলে বাফুফে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে না। এবার কী করবে? এবার কি পাতানোমুক্ত থাকবে দ্বিতীয় বিভাগ লিগ?
এই প্রশ্ন সামনে রেখে আজ শুরু দ্বিতীয় বিভাগ ফুটবল। গত মৌসুমে প্রথম বিভাগ থেকে অবনমিত পিডব্লিউডি ও নবাগত ইস্ট এন্ড ক্লাব উদ্বোধনী ম্যাচ খেলবে কমলাপুর স্টেডিয়ামে। প্রথম দিন একটি হলেও পরদিন থেকে দুটি করে ম্যাচ। স্কয়ার গ্রুপের পণ্য কুল এই লিগের প্রধান পৃষ্ঠপোষক, যাতে খেলছে ১৫টি দল।
দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ মোটামুটি নিয়মিতই মাঠে থাকছে। তবে পাতানোমুক্ত তো হচ্ছে না। এ নিয়ে মুখে যতই সতর্ক থাকার কথা বলুন কর্মকর্তারা, কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। তাই লিগ শুরু উপলক্ষে গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরেফিরে উঠল পাতানো ম্যাচ প্রসঙ্গ।
ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির প্রধান শেখ মারুফ হাসান বললেন, ‘সিঙ্গেল লিগ ভিত্তিতে খেলা হওয়ায় পাতানো ম্যাচের শঙ্কা কম। তার পরও পাতানো ম্যাচের ব্যাপারে সর্বোচ্চ নজর থাকবে আমাদের।’