এবার পারবে অস্ট্রেলিয়া?

১৯৯৯ থেকে ২০০৭। টানা আটটি বছর ক্রিকেট বিশ্বে প্রায় একচ্ছত্র আধিপত্য ছিল অস্ট্রেলিয়ার। টানা তিনটি বিশ্বকাপ শিরোপা উঠেছিল তাদের হাতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সময়ের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিটা অধরাই ছিল অস্ট্রেলিয়ার। আইসিসির এই প্রতিযোগিতাটিতে সফল হওয়ার জন্য বেশ লম্বা সময়ই অপেক্ষা করতে হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ১৯৯৮ সালে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটা অস্ট্রেলিয়া জিতেছিল পঞ্চমবারের চেষ্টায়, ২০০৬ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কী এমন কিছুই ঘটতে যাচ্ছে অসিদের সঙ্গে? এটাও যে আগের চারবার খালি হাতে ফেরা অস্ট্রেলিয়ার পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চ্যাম্পিয়নস ট্রফির মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চারটি আসরে সফল হতে পারেনি অস্ট্রেলিয়া। দুবার সেমিফাইনাল ও একবার ফাইনাল পর্যন্ত গেলেও শিরোপাটা হাতে তোলা আর হয়নি। তাহলে এবারের পঞ্চম আসরটাই কি তাদের সফল হওয়ার মঞ্চ? শুধু চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে তুলনা করেই নয়, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স দিয়েও সবাইকে এই প্রশ্নটা ভাবতে বাধ্য করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে তারা শিরোপা জয়ের মিশনে নামবে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে। এ বছর টানা পাঁচটি টি-টোয়েন্টিতে জিতে বেশ ছন্দে আছে জর্জ বেইলির দল। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতল ২-০ ব্যবধানে।
গতকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের হেসেখেলেই হারিয়েছে অস্ট্রেলিয়া। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে তারা। মিচেল স্টার্ক আর গ্লেন জনসন দুর্দান্ত বোলিং করেছেন। দুজনে মিলে আট ওভার বোলিং করে ৩৫ রানে নিয়েছেন ৪ উইকেট। এই মাপা বোলিংয়েই আসলে পেরে ওঠেনি স্বাগতিকেরা। ওপেনার কুইন্টন ডি ককের ৪১ রান ছাড়া আর কারো ব্যাট হাসেনি। ৭ উইকেটে ১২৮ রান তুলতেই তাই ফুরিয়ে যায় প্রোটিয়াদের ২০ ওভার।
জয় তুলে নিতে কোনো কষ্টই করতে হয়নি অস্ট্রেলিয়াকে। ওপেনার অ্যারন ফিঞ্চের ২৭ বলে ৩৯, ওয়াটসনের ২৮ বলে ৩৫ রানের ইনিংসের সুবাদে ২ উইকেটেই ১০৫ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। জয়ের আনুষ্ঠানিকতা বেইল আর হজ। ১৫ ওভারেই তীরে পৌঁছে ২-০ বানিয়ে ফেলেন তাঁরা। সিরিজের আরেকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
বিমানে উড়ে আসার সময় জয়ের এই ধারা বাংলাদেশেও সঙ্গে করে নিয়ে আসবে কি অস্ট্রেলিয়া?