এবার পারবেন মারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোকোভিচ-মারে
জোকোভিচ-মারে

প্রতিবছর উইম্বলডন আসে, ব্রিটিশরা আশায় বসতি গড়ে। প্রতিবছর উইম্বলডন আসে, ঘুরেফিরে আসে একটি নাম। ফ্রেড পেরি। আর প্রতিবছর উইম্বলডন বিদায় নেয় ব্রিটিশদের হাহাকার বাড়িয়ে। সেই ১৯৩৬ সালে সর্বশেষ ব্রিটিশ হিসেবে উইম্বলডনের পুরুষ একক জিতেছিলেন পেরি। এরপর ৭৭ বছর কেটে গেছে ব্রিটেনের সেই স্মৃতি রোমন্থন করেই। গতবার ফাইনালে উঠে পেরির কীর্তি ছোঁয়ার খুব কাছে চলে এসেছিলেন অ্যান্ডি মারে। কিন্তু রজার ফেদেরার নামের এক জাদুকরের কাছে হেরে নিজে কেঁদেছিলেন মারে, কাঁদিয়েছিলেন পুরো যুক্তরাজ্যকে। সেই দুঃস্মৃতি ভোলার, ইতিহাসের দায় মেটানোর আরেকটি সুযোগ খুব দ্রুতই পেয়ে গেলেন মারে। আবারও ফাইনালে উঠেছেন। আজকের ফাইনালে প্রতিপক্ষ নোভাক জোকোভিচ।  ফাইনালে র‌্যাঙ্কিং ও বাছাইয়ের সেরা দুই খেলোয়াড়কে দেখে বোঝার উপায় নেই কী অঘটনের ঝড়ই না বয়ে গেছে এবারের উইম্বলডনে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ-মারে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামটা জিতেছিলে জোকোভিচ। উইম্বলডনের ঘাসের কোর্টে দুজনের একমাত্র দ্বন্দ্বযুদ্ধের বিজয়ীর নাম অবশ্য মারে। গত বছর অলিম্পিকে সোনা জয়ের পথে এই উইম্বলডনেই জোকোভিচকে হারান। এরপর জোকোভিচকে হারিয়ে ইউএস ওপেনটাও জিতেছেন। যেটি ৭৬ বছর পর ব্রিটিশদের প্রথম গ্র্যান্ড স্লাম জয়। তবে ইউএস ওপেন নয়, উইম্বলডন ফাইনালটাই নাকি অনেক কিছু শিখিয়েছে মারেকে, ‘একটা জিনিস আমি শিখেছি বড় ম্যাচগুলো কীভাবে খেলতে হবে।’ আজ নিজের সপ্তম গ্র্যান্ড স্লাম ফাইনালে সেই শিক্ষাটা কাজে লাগিয়ে ব্রিটিশদের উইম্বলডন জয়ের দীর্ঘ প্রতীক্ষা ঘোচাতে পারবেন মারে? প্রতিপক্ষ কিন্তু কঠিন। ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচের এটা একাদশ ফাইনাল। পরশু সেমিফাইনালে পাঁচ সেটের এক রেকর্ড ম্যাচে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়েছেন জোকোভিচ। চার সেটের লড়াইয়ে মারে ৬-৭ (২/৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন পোলিশ বিস্ময় ইয়ার্জি ইয়ানোভিচকে।

৪ ঘণ্টা ৪৩ মিনিটের রেকর্ড সেমিফাইনাল, জোকোভিচ কি একটু ক্লান্তই থাকবেন না? সার্বিয়ান এক নম্বর কিন্তু সে সম্ভাবনা উড়িয়েই দিলেন। ২০১২ সালে অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে নাদালের বিপক্ষে খেলেছিলেন ৫ ঘণ্টা ৫৩ মিনিটের মহাকাব্যিক এক ম্যাচ, সেই উদাহরণ টানলেন জোকোভিচ, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি এবারই প্রথম পড়িনি। এর চেয়েও খারাপ অবস্থায় পড়েছি, ২০১২ সালে অস্ট্রেলিয়ান ওপেনটাই যেমন। এ ছাড়া আরও বেশ কবার এই পরিস্থিতি উতরেই আমি শিরোপা জিতেছি, খেলেছি আরেকটি ছয় ঘণ্টার ম্যাচ।’

জোকোভিচের বিশ্বাস, সদ্য প্রয়াত তাঁর প্রথম কোচ ইয়েলেনা জেনসিচের স্মৃতির উদ্দেশেই এবারের উইম্বলডনটা উৎসর্গ করতে পারবেন। মারে কি সেটা হতে দেবেন? ইতিহাসের দায় কাঁধ থেকে নামানোর আরেকটি সুযোগ কি পায়ে দলবেন এই স্কটিশ? মারে-জোকোভিচ যে-ই জিতুন, আরেকটি মহাকাব্যিক লড়াই হলে জিতবে টেনিসই। এএফপি।