এবার পারল না পাকিস্তান
যেন সিরিজের দ্বিতীয় ম্যাচটিরই পুনরাবৃত্তি হতে চলেছিল। মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচটাই জিতে যাচ্ছিল পাকিস্তান। পার্থক্য, এবার আর আবদুল রাজ্জাক ছিলেন না, আফ্রিদিও কেবল ছক্কার বিশ্ব রেকর্ড একার করে নিয়ে দায়িত্ব সেরেছেন। ফাওয়াদ আলম (৬৭ বলে অপরাজিত ৫৯) আর ওয়াহাব রিয়াজ (১১ বলে ২১) চেষ্টা করেছিলেন। কিন্তু রাজ্জাক হয়ে উঠতে পারেননি। আর তাই শেষ পর্যন্ত ২ রানে হেরে গিয়ে সিরিজে ২-১ পিছিয়ে পড়তে হলো পাকিস্তানকে।লক্ষ্যটা খুব বেশি ছিল না। কিন্তু দুবাইয়ের স্লো উইকেট, পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যর্থতা আর দক্ষিণ আফ্রিকানদের বোলিং-ফিল্ডিং ২২৯ রানকেই পাকিস্তানের জন্য বানিয়ে তুলেছিল দুর্গমগিরি। শেষ পর্যন্ত আরেকটি দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে পাকিস্তান থামে ২২৬ রানে।শুরুর ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকা ২২৮ রান তুলেছে মূলত হাশিম আমলার ১১৯ রানের সৌজন্যে। প্রোটিয়াদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান ডুমিনির ২৬, দক্ষিণ আফ্রিকার ইনিংসের পুরো চিত্র তুলে ধরছে এই তথ্যটুকুই। অনেক দিন পর সেরা দিনগুলোকে মনে করিয়ে দিয়েছেন শোয়েব। তবে আমলা ছিলেন অবিচল। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বিচলিত না হয়ে আমলা তুলে নেন এ বছর তাঁর পঞ্চম আর সব মিলিয়ে ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।দক্ষিণ আফ্রিকা: ২২৮/৯ (আমলা ১১৯*, ডুমিনি ২৬; শোয়েব ৩/৩৯, হাফিজ ২/৩৪, আফ্রিদি ২/৫৩)। পাকিস্তান: ২২৬/৯ (আলম ৫৯*, ফারহাত ৪৭, শফিক ৪৩, রিয়াজ ২১; মরনে ৪/৪৭)। ফল: দক্ষিণ আফ্রিকা ২ রানে জয়ী।