সেই কবে ১৯৮৮ সালে বাস্তেন, খুলিতদের হাত ধরে ইউরো জিতেছিল ডাচরা। এরপর অনেকবার আশা জাগালেও ইউরোপ-শ্রেষ্ঠত্বের মুকুট রয়ে গেছে অধরাই। এবারও তারা দ্বিতীয়বারের মতো ইউরো জয়ের স্বপ্নে বিভোর, আর স্নাইডার, হান্টেলার, রোবেনের মতো লিগের ডাকসাইটে খেলোয়াড়েরা থাকতে ডাচদের পক্ষে বাজি ধরার লোকের অভাবও নেই। তবে তুরুপের তাস যদি কাউকে বলতেই হয়, এবার সেটা হলেন আর্সেনালে দুর্দান্ত এক মৌসুম কাটানো রবিন ফন পার্সি। এই মৌসুমে গানারদের বলতে গেলে একাই টেনেছেন, ৩০ গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। সবশুদ্ধ মৌসুমে তাঁর গোল ৩৭টি, মেসি-রোনালদো না থাকলে এবারের ব্যালন ডি অরের সবচেয়ে বড় দাবিদার হয়তো তিনিই হতেন। চোটের কারণে নিজের সেরাটা আগে খুব কমই ঢেলে দিতে পেরেছেন, কিন্তু এই মৌসুমে আর্সেনালের হয়ে সব কটি ম্যাচ খেলে জানান দিয়েছেন অন্য যেকোনো সময়ের চেয়ে তিনি এখন অনেক বেশি ফিট। ক্লাবের এই ফর্ম ইউরোতে অনূদিত করতে পারবেন কি না, সময়ই বলে দেবে; তবে জাতীয় দলের হয়ে ফন পার্সি কখনোই খুব বেশি উজ্জ্বল নন। গত ইউরোতে প্রথম একাদশে ঠাঁই পাননি। আর গত বিশ্বকাপে ফাইনালে শিরোপাবঞ্চিত ডাচদের হয়ে বলার মতো কিছু করতে পারেননি। ওয়েসলি স্নাইডারের ছায়ায় ঢাকা পড়ে যাওয়া পার্সি সাকল্যে গোল করেছিলেন একটি। এখনকার ডাচ কোচ বার্ট ফন মারউইকের ৪-২-৩-১ ফর্মেশনে সামনে থেকে নেতৃত্বের ভার তাঁর ওপরই পড়বে। চারজন ডিফেন্ডারের ওপরে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকেই মারউইকের পক্ষপাত, ফন বোমেল, নাইজেল ডি জংয়ের মতো পোড় খাওয়া মিডফিল্ডাররা ছাড়াও আছেন আয়াক্সের উদীয়মান খেলোয়াড় স্ট্রুটম্যান। তাঁদের ঠিক সামনেই থাকবেন ওয়েসলি স্নাইডার, আর দুই পাশে থাকবেন আরিয়েন রোবেন, ডার্ক কাউট। আর সামনে পার্সি। তবে ডাচদের ভোগাতে পারে রক্ষণভাগ। সেন্ট্রাল ডিফেন্ডাররা প্রতিপক্ষের পাল্টা আক্রমণ কেমন সামাল দিতে পারেন সেটাই দেখার বিষয়। মজার ব্যাপার হলো, আরেক ডাচ স্ট্রাইকার ক্লাস ইয়ান হান্টেলার কিন্তু বাছাই পর্বে তুলনামূলক অনেক বেশি সফল ছিলেন, তাই পার্সিকে চাপের মুখেই থাকতে হবে। পার্সির সবচেয়ে বড় গুণ তাঁর অসাধারণ পজিশন সেন্স এবং বাঁ-পায়ে গোলার মতো শট। ঠিকঠাক জায়গায় পেলে সেট পিস থেকেও তিনি গোল করতে পারঙ্গম। আর্সেনাল-কোচ আর্সেন ওয়েঙ্গার তো প্রিয় শিষ্যের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ, ‘পজিশন সেন্সের দিকে দিয়ে সে লিওনেল মেসির মতোই। সে ঠিক প্রথাগত সেন্টার ফরোয়ার্ডের মতো নয়, তবে তার ক্ষিপ্রগতির দৌড়ের সঙ্গে ডিফেন্ডাররা প্রায়ই এঁটে উঠতে পারে না। তার ফার্স্ট টাচ দুর্দান্ত, আর ব্যাক লিফটও অনেক কম, তাই খুব অল্প জায়গা থেকেই সে শট নিতে পারে।’ হান্টেলারের সঙ্গে নীরব লড়াই চললেও পার্সির ওপরই থাকবে বেশি প্রত্যাশা। পার্সির কণ্ঠেও ফুটে উঠেছে আশাবাদ, ‘জাতীয় দলের হয়ে খেলা ক্লাবের চেয়ে সব সময় আলাদা। আর্সেনালের হয়ে আমি প্রতিদিনই অনুশীলন করি, কিন্তু হল্যান্ডের ক্ষেত্রে তো তেমনটা হয় না। তবে টুর্নামেন্ট এলে আমাদের অনেকটা সময়ই একসঙ্গে কাটাতে হয়, সঙ্গে মিশতে হতে হয়। আমরা এখন তাই করছি।’দেখা যাক, ‘গানারদের’ পার্সি এবার ‘ডাচদের’ হতে পারেন কি না...। ওয়েবসাইট।