এবার পালা মেসির

১৬ জুন ২০০৬। গেলসেনকারসেনে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে সেদিনের ম্যাচটা অনেক কারণেই তাঁর কাছে স্মরণীয়। ওই ম্যাচ দিয়েই তো আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ অভিষেক। ওই ম্যাচেই ২৪ পাসের এক গোল করে ফুটবলাগ্রহী পৃথিবীকে মোহাবিষ্ট করেছিল তাঁর দল আর্জেন্টিনা, সার্বিয়া ও মন্টেনেগ্রোকে দিয়েছিল ফুটবলের পাঠ। ওই ম্যাচেই ম্যাক্সি রদ্রিগেজের বদলি হিসেবে নেমে বিশ্বকাপে পেয়েছিলেন নিজের প্রথম গোল।
তখনো কি জানতেন ওটাই বিশ্বকাপে তাঁর একমাত্র গোল হয়ে থাকবে, আর গোলই পাবেন না তিনি?
ওই ম্যাচের পর আট বছর পেরিয়ে গেছে। এমনকি ২০১০ সালে, ক্যারিয়ারের সোনালি সময়টাতেও বিশ্বকাপে দ্বিতীয় গোলটি অধরা রয়ে গেছে। মারাকানায় আজ বসনিয়ার বিপক্ষে কি সেই অপেক্ষার পালা ফুরাবে মেসির?
ক্লাব বার্সেলোনার হয়ে যিনি কয়েক ম্যাচ পর পরই গোলের নতুন সব রেকর্ড করে যাচ্ছেন, সেই মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে দিলেই কেন নিজের ছায়া হয়ে যান? তাঁর ভক্তদের কাছেও এটা যেন অমীমাংসিত রহস্য! সেই রহস্যের কূল-কিনারা করতে না পেরে সমালোচনার তির ছোড়া হয়েছে। বার্সেলোনাকে যেভাবে অনুভব করেন সেভাবে নাকি আর্জেন্টিনাকে অনুভব করেন না, এমনকি জাতীয় সংগীতেও নাকি ঠোঁট মেলান না ঠিকমতো, আরও কত কী!
পাঁড় সমর্থকেরা ঢাল হয়ে দাঁড়িয়ে অনেক যুক্তি দেখান। প্রথম বিশ্বকাপে বয়স কম ছিল বলে হোসে পেকারম্যান তাঁর ওপর আস্থাই রাখতে পারেননি। পরেরবার দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু কপাল এমনই মন্দ, তাঁর সামনে ভিনসেন্ট এনিয়েমারা একদিনের জন্য হয়ে যান লেভ ইয়াসিন! গোল তাই অধরাই থেকে যায় মেসির। তার ওপর ম্যারাডোনার মতো এক খ্যাপা কোচ। বিশ্বকাপ মিশনও তাই শেষ হয়ে যায় প্রত্যাশার অনেক আগে।
কিন্তু এবার যে আর কোনো ‘অজুহাত’ নেই!
আস্থা রেখে কোচ আলেসান্দ্রো সাবেলা অধিনায়কের দায়িত্বটাই তুলে দিয়েছেন তাঁর কাঁধে। গুঞ্জন আছে, এর আগে আর্জেন্টিনার কোচ নাকি সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলার সঙ্গে কথা বলে জেনে নিয়েছেন, কীভাবে মেসির কাছ থেকে সেরাটা আদায় করে নিতে হবে। কীভাবে দলের বাকিদের সঙ্গে তাঁর বোঝাপড়া বাড়াতে হবে। গার্দিওলার উপদেশ যে কাজে লেগেছে সেটার প্রমাণ তো মিলছে হাতেনাতেই। ম্যারাডোনাসহ আগের কোচদের অধীনে যেখানে ৬১ ম্যাচে ১৭ গোল ছিল মেসির, সেখানে সাবেলার অধীনে মাত্র ২৫ ম্যাচেই ২১ গোল! সতীর্থদের সঙ্গে যাতে বোঝাপড়াটা দারুণ থাকে সে কারণেই আর্জেন্টিনার কোচ ছক কষেছেন আক্রমণভাগে তাঁর পাশে আগুয়েরো এবং পেছনে গ্যাগোকে রেখে। আর্জেন্টিনার হয়ে যে দুটি বড় শিরোপা জিতেছেন মেসি (২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ২০০৮ সালে অলিম্পিক), দুটিতেই এই দুজন ছিলেন তাঁর সঙ্গে ঠিক এই ছকে। এমনকি ছয় বছর আগে অলিম্পিকের সেই দলে ছিলেন ডি মারিয়া, জাবালেতা, গারাই, মাচেরানো, রোমেরো, লাভেজ্জিরা। এই বিশ্বকাপে যেন সেই দলটারই পুনর্মিলনী হচ্ছে! মেসিও তাই পাশে পাচ্ছেন তাঁর খুব কাছের বন্ধুদের। মোট কথা তাঁর জ্বলে ওঠার জন্য যা যা দরকার, মঞ্চটা সেভাবেই সাজিয়ে রেখেছেন সাবেলা।
এবার শুধু সেই মঞ্চে উঠে মেসির আলো ছড়ানোর পালা।