এবার পিসিবির পাল্টা জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথার লড়াই চলছেই। পিসিবির বিবৃতির যে জবাব দিয়েছিল বিসিবি, পরশু আরেকটি বিবৃতি দিয়ে সেটার পাল্টা জবাব দিয়েছে পিসিবি। তাতে তারা আবারও দাবি করেছে, বিপিএলের জন্য খেলোয়াড় ছাড়তে বিসিবির কাছ থেকে কোনো রকম অনুরোধই পায়নি পিসিবি।বিসিবি তাদের বিবৃতিতে ২০০৮ সালের পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে বলেছিল, নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া দল পাকিস্তানে না গেলেও বাংলাদেশ গিয়েছিল এবং সেটা পিসিবির প্রতি বিসিবির সমর্থনেরই প্রকাশ। পিসিবি জবাব দিয়েছে সেই বক্তব্যেরও, ‘২০০৮-এর এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফর ছিল এফটিপির (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) অংশ। এখানে পিসিবির প্রতি দয়া দেখানোর কিছু ছিল না।’ ওই সময়ে বাংলাদেশ দলের সফরের আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান সফর করেছিল, বিবৃতিতে পিসিবি মনে করিয়ে দিতে চেয়েছে সেটাও।পিসিবির দাবি, বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের অনুরোধ এবং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির কারণেই বিপিএলের প্রথম আসরে খেলোয়াড় পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তারা। বিবৃতিতে বলা হয়েছে, পিসিবি সব সময়ই বিসিবির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং নানাভাবে বাংলাদেশের ক্রিকেটকে সমর্থনও করে আসছে। একই রকম সমর্থন প্রত্যাশা করে তারাও।এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, পিসিবির সঙ্গে আর বিবৃতির লড়াই করতে চায় না তারা। পিসিবির সর্বশেষ বিবৃতির তাই কোনো জবাবও দেওয়া হবে না।