এবার পুরোপুরিই বিদায়
ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অনেকটা জোর করে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলে যাচ্ছিলেন স্পিন-জাদুকর শেন ওয়ার্ন। একই সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন ধারাভাষ্য, ব্যবসাসহ অনেক কিছু। কিন্তু ৪৩ বছর বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটটা একটু বাড়াবাড়িই হয়ে যাচ্ছিল তাঁর জন্য। তাই এবার পুরোপুরিই ক্রিকেটকে ‘টা টা’ জানিয়েছেন এই অসি কিংবদন্তি।২০০৭ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর রাজস্থান রয়্যালসের হয়ে টানা চার মৌসুম আইপিএলে খেলেছেন ওয়ার্ন। গত বছর খেলেছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। মাঠের খেলায় ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও স্বভাবসুলভ ভঙ্গিতে বিতর্ক ঠিকই ছড়িয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই লেগস্পিনার। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের সঙ্গে বিবাদে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচের জন্য। সাড়ে চার হাজার ডলার জরিমানাও গুনতে হয়েছিল। অন্যদিকে বল হাতে ছয় ম্যাচে মাত্র চারটি উইকেট শিকার করতে পেরেছেন ওয়ার্ন। বয়সের ভারে তাঁর বোলিংয়ের ধারও হয়তো অনেকটাই কমে গেছে। নাহলে ওভারপ্রতি ৭.৯৫ গড়ে রান দেবেন কেন? ওয়ার্ন নিজেও হয়তো অনুমান করতে পারছেন এই বয়সের প্রতিবন্ধকতা। তাই নতুন করে আর ব্যাট-বলের লড়াইয়ে না নামারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘আমার মনে হয়, বিগ ব্যাশকে বিদায় জানানোর এটাই সবচেয়ে ভালো সময়। ব্যবসা ও পরিবার সামলানো, ধারাভাষ্যের দায়িত্ব—সবকিছু একসঙ্গে করাটা খুব কঠিন। আমি খেলাটা সব সময়ই ভালোবাসি। কিন্তু এখন এটা পর্যবেক্ষণের সময়।’বিগ ব্যাশের আগামী মৌসুমে ওয়ার্ন খেলবেন না—এই খবরে হয়তো একটু হতাশই হবে মেলবোর্ন স্টারসের সমর্থকেরা। কিন্তু মাঠের লড়াইয়ে না নামলেও দলের সঙ্গে সব সময়ই থাকবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন ওয়ার্ন। দ্য টেলিগ্রাফ।