এবার পুলিশ ধর্মঘট ব্রাজিলে!

বিশ্বকাপ নিয়ে কত কাণ্ডই না হচ্ছে ব্রাজিলে। বিশ্বকাপ বন্ধের আন্দোলন, উন্মাতাল বিক্ষোভ, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি—সবই। অব্যবস্থাপনার কারণে বিশ্বকাপের ভেন্যুগুলোর শেষ পর্যায়ের নির্মাণকাজও চলছে ঢিমেতালে। এরই মধ্যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যদের ধর্মঘট ভাবনায় ফেলে দিয়েছে সবাইকেই।
পুলিশ বাহিনীর সদস্যরা ধর্মঘটে গেছেন বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে। ধর্মঘটটি সাময়িক হলেও তাঁরা হুমকি দিয়ে রেখেছেন, বিশ্বকাপের আগে যদি বেতন-ভাতা না বাড়ানো হয়, তবে বিশ্বকাপের সময়ও লাগাতার ধর্মঘটে যাবেন তাঁরা।
বিশ্বকাপের মতো বিশাল যজ্ঞ আয়োজনের দায়িত্ব পেলেও লাতিন আমেরিকার এই দেশটি আসলে বিভিন্নমুখী সমস্যায় জর্জরিত। বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনৈতিক শক্তি ব্রাজিলের মূল্যস্ফীতির তুলনায় চাকরিজীবীদের বেতন তেমন বাড়েনি। ফেডারেল পুলিশ এই ব্যাপারটি সামনে এনেই ধর্মঘটের ডাক দিয়েছে।
বিশ্বকাপকে ব্রাজিলের অনেকেই শ্বেতহস্তীর সঙ্গে তুলনা করছেন। বিশ্বকাপের খরচ দিয়ে স্বাস্থ্য, গৃহায়ণ ও যোগাযোগ ক্ষেত্রে অনেক সমস্যারই সমাধান করা যাবে বলে মনে করেন অনেকে। বিশ্বকাপ ব্রাজিলের মানুষের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করছে—এই অভিযোগ ইতিমধ্যেই জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার রোমারিও। গত কনফেডারেশনস কাপে ব্রাজিলজুড়ে বিশ্বকাপবিরোধী বিক্ষোভ নজর কেড়েছিল গোটা বিশ্বেরই। এখন আয়োজনের মাত্র এক মাস বাকি থাকতে পুলিশ ধর্মঘট শঙ্কা তৈরি করল নতুন করেই।
এদিকে ২৪ ঘণ্টার এই ধর্মঘটে নাকি পুরো ব্রাজিলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩৯ জন মানুষ। বেশ কিছু জায়গায় ছিনতাই ও দোকান লুটের মতো ঘটনাও ঘটেছে। রয়টার্স।