এবার পেরির শান্তির ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বভাবে খুবই অন্তর্মুখী। নাইট ক্লাব পছন্দ নয়, অ্যালকোহল ছুঁয়েও দেখেন না। অবসর কাটান দুই পোষা কুকুর ম্যাগি ও রাস্টির সঙ্গে। শুধু প্রাইজমানি থেকেই এ পর্যন্ত আয় প্রায় আড়াই কোটি ডলার, স্পন্সরশিপ থেকে আরও অনেক বেশি। কিন্তু খুব বিলাসী জীবনযাপনে বিশ্বাস নেই। ব্যক্তিগত সম্পর্কেও বিশ্বস্ত, বান্ধবী কিম সিয়ার্সের সঙ্গে আছেন প্রায় সাত বছর। আগামী বছর বিয়েটা সেরে ফেলার পরিকল্পনাও আছে। এই হলেন অ্যান্ডি মারে।ফ্রেড পেরি পৃথিবীর মায়া কাটিয়েছেন ১৯৯৫ সালে, ৮৫ বছর বয়সে। যত দিন বেঁচে ছিলেন, জীবন ছিল তাঁর কাছে উপভোগের আরেক নাম। লাখো তরুণীর হূদয়ে ঝড় তুলেছিলেন তিরিশের দশকে, হলিউডের ডানাকাটা পরিরা থাকত তাঁর বাহুডোরে। বিয়ে করেছেন চারবার। স্ত্রীদের মধ্যে ছিলেন হলিউড অভিনেত্রী হেলেন ভিনসন ও মডেল স্যান্দ্রা বক্স। হলিউড হার্টথ্রব মারলিন ডিয়েট্রিচ, জিয়ান হারলো ও ম্যারি লসনের সঙ্গে পেরির প্রেমের সম্পর্ক নিয়ে মাতোয়ারা ছিল পুরো দুনিয়া। ব্রিটিশ টেনিস কর্তাদের সঙ্গে সম্পর্ক ছিল দা-কুমড়ার, একপর্যায়ে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে নিয়েছিলেন আমেরিকার নাগরিকত্ব। ইউএস বিমানবাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছেন।পুরো বিপরীত চরিত্র, কিন্তু টেনিস সার্কিটে কয়েক বছর ধরে এই দুজনের নাম উচ্চারিত হচ্ছে একসঙ্গে। একজন গ্র্যান্ড স্লাম জয়ী সর্বশেষ ব্রিটিশ, আরেকজনের কাঁধে চেপেছে ব্রিটিশদের এই পৌনে শতাব্দীর খরা ঘোচানোর দায়িত্ব! প্রতিটি গ্র্যান্ড স্লামে তাই অবধারিত আলোচনা, উইম্বলডনে একটু বেশিই, ‘পেরির পর কি মারে?’র‌্যাকেট হাতে এমনিতে কীর্তি কম নেই পেরির। আটটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন ‘ক্যারিয়ার স্লাম’ (চারটি গ্র্যান্ড স্লামই জয়), সেটাও মাত্র ২৬ বছর বয়সে। ব্রিটেনকে টানা চার বছর জিতিয়েছেন ডেভিস কাপ। কিন্তু এসব কীর্তি যেন কারও মনে নেই। গ্র্যান্ড স্লাম জয়ী সর্বশেষ ব্রিটিশ হিসেবেই তাঁকে নিয়ে যত আলোচনা, এই প্রজন্ম তাঁকে চেনে মূলত আক্ষেপের এই ইতিহাসের কারণেই। এত কীর্তি গড়েও কিনা তাঁর নামের সঙ্গে শুধু বেরিয়ে আসছিল দীর্ঘশ্বাস! ওপার থেকে নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগছিল না পেরির। অবশেষে তাঁকে মুক্তি দিলেন মারে। পেরি এবার শান্তিতে ঘুমুতে পারেন। এএফপি।