এবার প্রচুর গোল হচ্ছে, কারণ...

মাত্র এক সপ্তাহ পেরিয়েছে বিশ্বকাপ। কিন্তু এরই মধ্যে এবারের আসর মন জয় করে নিয়েছে নিখাঁদ ফুটবলপ্রেমীদের। প্রতিটি ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তো আছেই, সেই সঙ্গে, প্রতিটি দলই যেন মরিয়া গোলের নেশায়। ২৩টি ম্যাচ হয়ে যাওয়ার পর ম্যাচ-প্রতি গোলের হার ইঙ্গিত দিচ্ছে ইতিহাসের সবচেয়ে ‘হাই স্কোরিং’ বিশ্বকাপের। এখনো পর্যন্ত ম্যাচ-প্রতি গোলের হার ২.৯, যা ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের (৩.৬) পর সর্বোচ্চ। সাম্প্রতিক কালের বিশ্বকাপগুলোয় গোলের যে খরা দেখা দিয়েছিল, এবারের বিশ্বকাপ যেন সে হিসেবে এক পশলা বৃষ্টির মতোই। কিন্তু হঠাত্ করেই গোলের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কী? বার্তা সংস্থা এএফপির বিশ্লেষকেরা এর নেপথ্য কারণ হিসেবে তুলে ধরেছেন কয়েকটি কারণকে। প্রিয় পাঠক, আসুন, চোখ বুলিয়ে নেওয়া যাক সেই কারণগুলোয়...
জয়তু ‘টিকি-টাকা’
‘টিকি-টাকা’র সূর্যাস্ত’, ‘টিকি-টাকা শেষ’, ‘টিকি-টাকার বিদায়’—স্পেনের বিদায়ের সঙ্গে সঙ্গে ফুটবলের এই ধারা নিয়ে কতজন কত মন্তব্যই না করছেন। টিকি-টাকা ফুটবলের ‘ওষুধ’ আবিষ্কৃত হয়ে গেছে বলেও ধরে নিচ্ছেন অনেকে। কিন্তু এএফপির বিশ্লেষকদের মতে, গত ছয়-সাত বছরে স্প্যানিশ জাতীয় দল ও বার্সেলোনার এই ধারার আক্রমণাত্মক ফুটবল সারা পৃথিবীতে যথেষ্ট প্রভাব তৈরি করেছে। প্রতিটি দলই স্পেন ও বার্সেলোনার মতো করে না হলেও এই ধারার ব্যবহার করছে তাদের কৌশলে। আক্রমণাত্মক পাসিং ও প্রেসিং ঘরানার এই ফুটবল আখেরে ফুটবল খেলাটারই দারুণ উপকার করেছে। ইনিয়েস্তা, জাভিদের মতো খেলোয়াড়দের আবির্ভাবও এ ব্যাপারে ভূমিকা রেখেছে। তাঁদের তারকাখ্যাতির কারণে উদীয়মান ফুটবলাররা সবাই পায়ে বেশিক্ষণ বল রেখে খেলতে উত্সাহী, এ কারণে আক্রমণ ও গোলের সংখ্যা বেড়ে গেছে আনন্দদায়ী হারে।
উষ্ণ ও আর্দ্র আবহাওয়া
ব্রাজিলের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল প্রচণ্ড ঠান্ডার মধ্যে। আর্দ্র আবহাওয়ায় খেলোয়াড়েরা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, সে কারণে মনোযোগের একটা ঘাটতি দেখা দেয়। এবারের বিশ্বকাপে গোলের সংখ্যা বেড়ে যাওয়ার এটা নাকি খুব বড় কারণ। অস্ট্রেলীয় কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলো ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আর্দ্রতার কারণে খেলোয়াড়দের দ্রুত ক্লান্ত হয়ে পড়া বিশ্বকাপকে উন্মুক্ত করে দিয়েছে। ক্লান্ত হওয়ার কারণে খেলোয়াড়েরা ভুল বেশি করছেন—এ কারণে রক্ষণের ফাঁকফোকর তৈরি হচ্ছে বেশি।’
আগেভাগেই গোল হওয়া
উদ্বোধনী ম্যাচের ১১ মিনিটের মাথায় নিজের গোলে নিজেই বল ঢুকিয়ে দিয়েছিলেন ব্রাজিলের মার্সেলো। খেলায় ফেরার তীব্র আকাঙ্ক্ষা থেকেই নেইমার-অস্কাররা সেদিন আক্রমণের তোড়ে ভাসিয়ে দিয়েছিলেন ক্রোয়েশিয়াকে। খেলা শেষে ওই ম্যাচে স্কোরলাইন ছিল ৩-১। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত ২০টি ম্যাচের প্রথমার্ধেই গোল হয়েছে ২৫টি। সাতটি দল আগে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছে। এতটুকু পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে—এবারের বিশ্বকাপের খেলাগুলো কতটা আক্রমণাত্মক হচ্ছে।
উদ্ভাবনী কৌশল
গত বিশ্বকাপে ৪-২-৩-১ ফরমেশন খুব জনপ্রিয় ছিল। বেশির ভাগ দলই এই ফরমেশনে নিজেদের কৌশল সাজিয়েছিল। কিন্তু এবার ব্রাজিলে প্রচলিত ধারায় খেলে বেশির ভাগ দলই সাফল্য পাচ্ছে। হল্যান্ড স্পেনকে উড়িয়ে দিয়েছে ৫-৩-২ ফরমেশনে। সেদিন মাঝমাঠে খেলোয়াড়দের সংখ্যায় সমতা হল্যান্ডকে বেশি আক্রমণাত্মক হতে সহায়তা করেছিল। এ ব্যাপারে আরিয়েন রোবেনের অভিমত হলো, ‘সেদিন আমাদের রক্ষণভাগ অনেক নিচে নেমে গিয়ে আমার আর রোবেনের জন্য বেশি করে জায়গা ছেড়ে দিচ্ছিল। ফলে আমি আর ফন পার্সি মুভমেন্টের জন্য অনেক বেশি জায়গা খুঁজে নিচ্ছিলাম। কাউন্টার অ্যাটাকের জন্য বেশি জায়গা আমাদের সেদিন বেশি করে আক্রমণাত্মক হয়ে উঠতে সহায়তা করেছিল।’ গত কয়েক বছরে এক স্ট্রাইকার-পদ্ধতি জনপ্রিয় হলেও সম্প্রতি একাধিক ফরোয়ার্ড খেলানোর প্রবণতা অধিকসংখ্যক গোলের সহায়ক প্রমাণিত হয়েছে।
ধন্যবাদ গোলরক্ষকবৃন্দ!
এবার গোলের সংখ্যা অনেক বেড়েছে। সেই তুলনায় কমেছে গোলরক্ষণের মান। ইকার ক্যাসিয়ারের মতো গোলরক্ষক হল্যান্ডের বিপক্ষে ভয়াবহ দুটো ভুল করে অবদান রেখেছেন দলের বাজে পরাজয়ে। বসনিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলটি দর্শকদের জন্য চোখ চেয়ে দেখার মতো হলেও একটু নজর দিলে সেখানে ফুটে উঠবে বসনীয় গোলরক্ষকের ব্যর্থতা। একই কথা প্রযোজ্য উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের সমতাসূচক গোলটির ব্যাপারে। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথু রায়ান কিংবা রাশিয়ার ইগর আকিনফিভ ইতিমধ্যেই আলোচনায় ভয়াবহ গোল খেয়ে। ব্রাজিলের হুলিও সিজার কিংবা আর্জেন্টিনার সার্জিও রোমেরোর ওপর ঠিক সেভাবে ভরসা করা যাচ্ছে না। গোলরক্ষকদের বদান্যতা এবারের বিশ্বকাপে বেশি করে গোল উপহার দিচ্ছে বলেই বিশ্বাস বিশ্লেষকদের।