এবার প্রশাসক সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা জানিয়ে রেখেছেন খেলা ছাড়ার পরপরই। ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে পেয়েছেন খ্যাতি। কলকাতার একটি চ্যানেলে কুইজ অনুষ্ঠান উপস্থাপনায় পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সৌরভ গাঙ্গুলীকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। ক্রিকেট প্রশাসক! বিনা প্র​তিদ্বন্দ্বিতায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) যুগ্ম সচিব নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক।
২৭ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থিতা জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত পরশু। দুটি যুগ্ম সচিব পদে প্রার্থীই আছেন দুজন। সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে নিশ্চিত করেছেন, বর্তমান যুগ্ম সচিব সুবীর গাঙ্গুলির সঙ্গে আছেন শুধু সৌরভই। চার বছরের সর্বোচ্চ মেয়াদ পূর্ণ করা সুজন মুখার্জির স্থলাভিষিক্ত হবেন সৌরভ। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরই বিসিসিআইর টেকনিক্যাল কমিটির প্রধান করা হয়েছিল সেই সময়ের সফলতম ভারত অধিনায়ককে। তবে তখনো ঘরোয়া ক্রিকেট খেলছিলেন বলে পরে তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয় অনিল কুম্বলেকে। ২০১২ সালে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর সিএবির ডেভেলপমেন্ট কমিটির প্রধান করা হয় সৌরভকে। ওয়াকার ইউনুস ও মুত্তিয়া মুরালিধরনকে বাংলার বোলিং উপদেষ্টা করায়ও বড় ভূ​মিকা ছিল তাঁর। এখন তো সিএবির মূল প্রশাসনেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন।
টিভিতে ব্যস্ততার পরও সিএবিতে সৌরভ যথেষ্ট সময় দিতে পারবেন কি না, সেই প্রশ্ন অবশ্য থাকছে। তবে কোষাধ্যক্ষ বিশ্বরূপের ধারণা, ‘যথেষ্ট সময় দিতে না পারলে সৌরভ কখনোই এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী হতেন না।’ এএফপি, ক্রিকইনফো।