এবার প্রস্তুত রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি
ওয়েইন রুনি

কথাটা মনে করিয়ে দিলে সভেন গোরান এরিকসন হয়তো এখন বিব্রত হয়ে যান। কে জানে কিঞ্চিৎ লজ্জাও বোধ করেন কি না! এখন শুনলে কথাটা তো হাস্যকরই মনে হবে।
কিন্তু এরিকসন যখন বলেছিলেন, হাস্যকর ছিল না। ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়ার বছর খানেক পরে ২০০৪ ইউরোতে খেলার সুযোগ পেয়েছিলেন ১৭ বছরের এক তরুণ। জীবনে প্রথমবারের মতো বড় মঞ্চে সুযোগ পেয়েই তাঁর পারফরম্যান্স হলো প্রত্যাশা ছাড়ানো। গ্রুপের প্রথম তিন ম্যাচেই চার গোল, বেকহাম-ওয়েনদের ছাড়িয়ে সেই তরুণই তখন ব্রিটিশ সংবাদমাধ্যমের মনোযোগের কেন্দ্রবিন্দু। তাঁকে নিয়ে ওই শোরগোলের মধ্যেই তখনকার ইংল্যান্ড কোচ বলে দিলেন, এই ছেলের পেলে হওয়ার সম্ভাবনা আছে! নিজস্ব যেকোনো কিছু নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বাড়াবাড়ি করতে পারে, তবে সেই তরুণ ফুটবলার সম্পর্কে এরিকসনের কথাটা তখন এত বাড়াবাড়ি মনে হয়নি। আবির্ভাবেই যিনি এত উজ্জ্বল, পেলের ছায়া তো তাঁর মধ্যে থাকতেই পারে।
লিভারপুল শহরে জন্ম নেওয়া সেই তরুণের নাম ওয়েইন রুনি। দশ বছর পর যাঁর ক্যারিয়ারটা এমন—দুটি বিশ্বকাপ, আট ম্যাচ, গোলসংখ্যা শূন্য! পেলের সঙ্গে ওই তুলনাটা এখন হাস্যকর মনে হবে না তো কী!
শুধু বিশ্বকাপ নয়, দশ বছর আগের সেই ইউরোর পর দেশের হয়ে বড় অন্য কোনো টুর্নামেন্টের স্মৃতিও খুব একটা সুখের নয়। প্রশ্ন আছে মাঠে তাঁর আচরণ নিয়েও। ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের সঙ্গে ম্যাচে তখনকার ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন। ২০১০ বিশ্বকাপে আলজেরিয়ার সঙ্গে ড্র করায় সমর্থকেরা ইংল্যান্ড ফুটবলারদের দুয়ো দেওয়ায় খেপে গিয়েছিলেন। সমালোচিত হয়েছিলেন সমর্থকদের পাল্টা কটূক্তি করে। সব মিলিয়ে রুনি যেন ইংল্যান্ড সমর্থকদের কাছে হতাশা আর আক্ষেপের প্রতিশব্দ। ব্রাজিল বিশ্বকাপে অন্য কিছু উপহার দিতে পারবেন ইংলিশ স্ট্রাইকার? রুনি শোনাচ্ছেন আশার কথা, ‘এই টুর্নামেন্টে আমি কখনোই ভালো করতে পারিনি। আশা করি এবার পারব। আমি প্রস্তুত।’
উরুগুয়ে, ইতালি আর কোস্টারিকাকে নিয়ে গড়া কঠিন গ্রুপটা পেরিয়ে যেতে এবার ইংল্যান্ডও তাকিয়ে থাকবে তাঁর দিকে। তবে ভালো করার তাড়না শুধু এই কারণে নয়। বয়স ২৮ পেরিয়েছে এরই মধ্যে। ক্যারিয়ারটা যদি পরের বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘও হয়, তত দিন এত বড় মঞ্চে নিজেকে মেলে ধরার মতো ফিট থাকবেন কি না সেই সন্দেহ থেকে যাচ্ছে। এই বিশ্বকাপটাকেই তাই রুনি দেখেছেন নিজের শেষ সুযোগ হিসেবে, ‘২০১৮ বিশ্বকাপে আমার বয়স আরও বেড়ে যাবে। ওই বয়সে নিজের ছাপ রাখা কিছুটা কঠিন। সুতরাং যা করার এবারই করতে হবে। কোনো অজুহাত দেখানো যাবে না।’
এই প্রত্যয়টা অবশ্য শুধু কথায় নয়, কাজেও দেখাচ্ছেন রুনি। চোটের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমের শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। জাতীয় দলের অন্য সতীর্থদের চেয়ে কিছুটা আগেই তাই চলে গেছেন পর্তুগালের ভ্যালে ডে লোবোতে অনুশীলন ক্যাম্পে। অনুশীলনেও ঘাম ঝরাচ্ছেন রাহিম স্টার্লিং, রস বার্কলিদের মতো তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে। ক্লাবের হয়ে মৌসুমটা যেমনই হোক, জাতীয় দলের জার্সিতে ইদানীং তিনি দুর্দান্ত ফর্মে। বাছাইপর্বে অনিশ্চয়তার মধ্যে থাকা ইংল্যান্ডকে পোল্যান্ড ও মন্টেনেগ্রোর বিপক্ষে শেষ দুটি ম্যাচে গোল করে তো জিতিয়েছেনই, বাছাইপর্বের শেষ ছয় ম্যাচে গোল করেছেন সাতটি৷
ছন্দটা যদি এমন থাকে, বিশ্বকাপও রুনির আলোয় আলোকিত হতেই পারে। ওয়েবসাইট।