এবার প্রস্তুতি ম্যাচ পাবে হকি দল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এশিয়া কাপের আগে জাতীয় দলের জন্য একটি প্রস্তুিত ম্যাচও আয়োজন করতে পারেনি হকি ফেডারেশন। মালয়েশিয়ায় বাংলাদেশের ভরাডুবির পেছনে অন্যতম কারণ ছিল এটি। সেই ব্যর্থতা মুছে জাতীয় দলের জন্য কার্যকর প্রস্তুতির ব্যবস্থা আজও করতে পারেনি ফেডারেশন৷ অথচ ৫-৭ সেপ্টেম্বর ঢাকায় বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ড এবং ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস সামনে রেখে আগামীকাল শুরু হয়ে যাচ্ছে হকি দলের প্রাথমিক ক্যাম্প।
বরাবরের মতো গতানুগতিক ক্যাম্পই হচ্ছে৷ ফলপ্রসূ প্রস্তুতির জন্য বাইরের দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা আবশ্যক, কিন্তু যথারীতি এবারও প্রস্তুতি ম্যাচ নিয়ে হা-হুতাশ খেলোয়াড়দের কণ্ঠে৷ অধিনায়ক মামুনুর রহমান যেমন বলছেন, ‘সবকিছুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার আমাদের। এশিয়ান গেমসে মাথা তুলে দাঁড়াতে ভালো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই৷ একই সঙ্গে বলব, ক্যাম্প আরও আগে শুরু হওয়া উচিত ছিল। এখন খেলোয়াড়দের ফিটনেস আনতেই এক থেকে দেড় মাস লাগবে।’
বড় দুটি প্রতিযোগিতার আগে প্রস্তুতি ম্যাচের নিশ্চয়তা দিতে পারছেন না ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘এখনো প্রস্তুতি ম্যাচের ব্যাপারে চূড়ান্ত কিছু বলতে পারছি না। তবে আমরা পাকিস্তান ও ভারতের কয়েকটি ক্লাব দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’ এমন চেষ্টার কথা সব সময়ই শোনা যায় কর্তাদের মুখে, কিন্তু শেষ পর্যন্ত তাঁরা ব্যর্থই হন৷ এবার কি সফল হবেন?