দলের হার, টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া মিলিয়ে এমনিতেই খানিকটা যেন উদ্ভ্রান্তের মতো লাগছিল আবদুর রাজ্জাককে। বাইলজের প্রশ্নে যেন আরও দিশেহারা হয়ে গেলেন, ‘আমি আসলে অত কিছু জানি না, শুধু জানি আমরা সেরা চারে নেই।’ খানিকটা যেন বিভ্রান্ত মনে হলো ব্র্যাড হজকেও। তবে গতবার বিমানবন্দর থেকে ফিরে আসার অভিজ্ঞতার কারণে বরিশাল অধিনায়ক খুঁজে পেলেন মজার দিকটাও, ‘এখনো ঠিক নিশ্চিত নই, যত দূর জানি আমরা বাদ। গতবারের মতো এবারও চেক ইন করার কথা কাল রাত দেড়টায়। বাকিটুকুও গতবারের মতো হবে কিনা, কে জানে!’বাইলজে পরিষ্কার লেখা আছে, তিন দলের বা দুই দলের পয়েন্ট সমান হলে কী হবে। ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস প্রথম দুটি স্থান নিশ্চিত করেছে আগেই। কাল প্রথম ম্যাচের পর নিশ্চিত হয়ে গেছে তিন-চার—চিটাগং কিংস ও দুরন্ত রাজশাহী। কিন্তু গতবারের অভাবনীয় ঘটনার কারণে এবারও যেন সবার মাঝে একটু সংশয়!শীর্ষ দুই দল ঢাকা ও সিলেট মুখোমুখি হচ্ছে আজ। যে ম্যাচের কেতাবি নাম দেওয়া হয়েছে ‘রেস টু ফাইনাল।’ জয়ী দল সরাসরি ফাইনালে, তবে আরেকটা সুযোগ পাবে হেরে যাওয়া দল। তিন ও চার নম্বর দল আগামীকাল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। যদিও এই ম্যাচের নাম ‘সেমিফাইনাল’ হওয়া উচিত কি না, সেই প্রশ্ন থাকছে। কারণ এটি জিতলেও ফাইনাল নিশ্চিত নয়। জয়ী দল পরশু দ্বিতীয় সেমিফাইনালে খেলবে এক ও দুইয়ের লড়াইয়ে পরাজিত দলের সঙ্গে। গতবারের মতো চতুর্থ স্থানের লড়াইটা তীব্র হয়েছে এবারও। তিন দলের পয়েন্ট ছিল ১০। জয়ও ৫টি করে। নিজেদের মধ্যে লড়াইয়ে সবচেয়ে বেশি জয় পাওয়ায় উঠে গেছে দুরন্ত রাজশাহী। বরিশাল বার্নার্সকে হারিয়েছে তারা দুবার, রংপুরকে একবার। রাজশাহী ও বরিশালের সঙ্গে একটি করে ম্যাচ জিতেছে রংপুর। আর তিন দলের মধ্যকার ম্যাচে বরিশাল একমাত্র জয়টি পেল কাল রংপুরকে হারিয়ে। এখানেও জয় সমান হলে নির্ধারক হতো নেট রানরেট।এসব এখন অতীত, আজ শুরু বিপিএলের নতুন পর্ব। কাগজে-কলমে এমনিতেই অনেকটা এগিয়ে থাকা ঢাকা শক্তি আরও বাড়িয়েছে ক্রিস গেইল ও কাইরন পোলার্ডকে এনে। সিলেটের বড় শক্তি টিম স্পিরিট, কম খ্যাতিমান কিন্তু কার্যকর সব ক্রিকেটার। ফাইনালের লড়াইয়ে তবে জিত কার? অপেক্ষায় থাকাই ভালো।