এবার ফাইনালেও উজ্জ্বল কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির আরও একটা দুর্দান্ত শট তাকিয়ে তাকিয়ে দেখলেন সাঙ্গাকারা। পরে অবশ্য নিজে ব্যাট করতে নেমে ছাপিয়ে গেছেন কোহলিকেও  । প্রথম আলো
কোহলির আরও একটা দুর্দান্ত শট তাকিয়ে তাকিয়ে দেখলেন সাঙ্গাকারা। পরে অবশ্য নিজে ব্যাট করতে নেমে ছাপিয়ে গেছেন কোহলিকেও । প্রথম আলো

বিরাট কোহলি ছন্দে থাকলে করেন ৭২, আর ছন্দে না থাকলে ৭৭!
কথাটা একটু মজা করেই বলা। তবে একদিক থেকে কিন্তু কথাটি সত্যি। সেমিফাইনালে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিয়ন্ত্রিত আগ্রাসনে দুর্দান্ত এক রান তাড়ায় ফাইনালে তুলেছিলেন দলকে। সেদিন উইকেটে গিয়েই নিয়ন্ত্রণ নিয়েছিলেন ম্যাচের, ৭২ রান করে ফিরেছেন দলের জয়কে সঙ্গী করে। কাল শুরুতে অনেকটা সময় ধরে টাইমিং হচ্ছিল না। দেখা যাচ্ছিল না সেই চেনা সপ্রভিত চেহারা। তার পরও শেষ পর্যন্ত ঠিকই করলেন ৭৭!
৫৮ বলে ৭৭ রানের এই ইনিংসটায় নিজের সঙ্গে একটা বোঝাপড়াতেও জিতলেন কোহলি। রান তাড়ায় ‘মাস্টার’ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন নিজেকে। সীমিত ওভারের ক্রিকেটের অনেক অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন, নিচ্ছেন, ভবিষ্যতেও নেবেন নিশ্চিত। চাপ বলে কিছুর প্রতিফলন পড়ে না তাঁর ব্যাটিংয়ে। অথচ সেই কোহলি সব সময় টুর্নামেন্টের ফাইনালে আশ্চর্যভাবে নিষপ্রভ থেকে গেছেন। কালকের আগে ৭টি ফাইনাল খেলে ফিফটি ছিল না একটিও। এমন একটি অস্বস্তির রেকর্ড কি আর কোহলির পাশে মানায়! কাল ঠিকই দূর করলেন সেই অস্বস্তি।
অথচ শুরুতে যেন ঠিক খেই পাচ্ছিলেন না। কোহলির ব্যাটিংয়ের যা ট্রেডমার্ক, সেই টাইমিং ঠিকমতো হচ্ছিল না। শটগুলো বারবার খুঁজে পাচ্ছিল ফিল্ডারকে। ১১ রানে জীবনও পেলেন লাসিথ মালিঙ্গার হাতে। একসময় ১৮ বলে রান ১৩! বেশির ভাগ ব্যাটসম্যানই হয়তো এতক্ষণ দলে টাইমিং খুঁজে না পেয়ে তেড়েফুঁড়ে মেরে ছুড়ে আসতেন উইকেট। কিন্তু কোহলি একটুও আতঙ্কিত না হয়ে থেকে গেছেন উইকেটে। ম্যাথুসের স্লোয়ারে ছক্কা মারার পর স্ট্রাইক রেট ছাড়াল এক শ। রোহিত শর্মার ফিরে যাওয়াই যেন বের করে আনল আসল কোহলিকে। দেখা গেল সেই পরিচিত সব ড্রাইভ, হেরাথকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারলেন শুধু টাইমিংয়ের ছোঁয়াতেই। টুর্নামেন্ট ফাইনালে প্রথম ফিফটির স্বাদ পেলেন ৪৩ বলে।
দলের রান তখনো খুব একটা সুবিধার নয়। একপাশে ধুঁকছিলেন যুবরাজ সিং। কর্তব্যটাও বুঝে নিলেন কোহলি। মালিঙ্গাকে চার মারলেন, কুলাসেকারার টানা তিন বলে মারলেন এক ছক্কা, দুই চার। ভারতের চোখ তখন দেড় শতে। কিন্তু যুবরাজ সিং যে তখন তাঁর সেরা সময়ের কঙ্কাল! বড় শট খেলতে পারছিলেন না, পারছিলেন না এমনকি সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করতেও। ৮ উইকেট হাতে নিয়েও শেষ ৪ ওভারে ভারত তুলতে পারল ১৯, কারণ এই সময়ে কোহলি স্ট্রাইক পেয়েছেন মাত্র ৮ বল!
কোহলির দারুণ ইনিংসটির পরও তাই ভারতের রান মাত্র ১৩০। ভারতের ইনিংস থেকে কোহলির ইনিংসটি বাদ দিলে থাকে না তো কিছুই! তাই ফাইনালে উজ্জ্বল হয়েও কোহলি থাকলেন পরাজিত দলে।
ফাইনালে কোহলি
রান প্রতিপক্ষ সংস্করণ সাল
২* শ্রীলঙ্কা ওয়ানডে ২০০৯
২ শ্রীলঙ্কা ওয়ানডে ২০১০
২৮ শ্রীলঙ্কা ওয়ানডে ২০১০
৩৭ শ্রীলঙ্কা ওয়ানডে ২০১০
৩৫ শ্রীলঙ্কা ওয়ানডে ২০১১
৪৩ ইংল্যান্ড ওয়ানডে ২০১৩
২ শ্রীলঙ্কা ওয়ানডে ২০১৩
৭৭ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ২০১৪