এবার বই নিয়ে বিতর্কে সোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক, বিতর্ক আর বিতর্ক। আত্মজীবনী প্রকাশের পূর্বশর্তই যেন এটা। বই হিসেবে বাজারে আসার আগেই কাটতি বাড়ানোর কৌশল হিসেবে বেছে বেছে বিতর্কিত কিছু ঘটনা সামনে নিয়ে আসা। ফলাফল, প্রকাশের আগেই বই হিট!কয়েক দিন আগে শোয়েব আখতারের আত্মজীবনী নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার আরেক ক্রিকেটার গ্রায়েম সোয়ানের জীবনী নিয়ে শুরু হয়েছে বিতর্ক।অবশ্য দ্য ব্রেকস আর অফ: মাই অটোবায়োগ্রাফি নামের বইটিতে বিতর্কিত উপাদানের কমতিও নেই। সাবেক অধিনায়ক ও সতীর্থ কেভিন পিটারসেনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন, ড্যারেন গফের সঙ্গে মারামারি, কোচ রডনি মার্শকে উদ্দেশ করে বাজে মন্তব্য—এ রকম মুখরোচক অনেক কিছুই আছে বইটিতে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কেভিন পিটারসেনকে ঘিরে করা মন্তব্যের। সোয়ান লিখেছেন, অধিনায়ক হিসেবে কেপি যাচ্ছেতাই ছিলেন এবং তাঁকে ইংল্যান্ডের অধিনায়ক করাটা মোটেই ঠিক কাজ ছিল না। তবে ব্যাটসম্যান পিটারসেনকে যথাযথ সম্মানই দিয়েছেন এই অফ স্পিনার। ‘আমার মত হচ্ছে, সে (কেপি) কখনোই ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার ঠিক লোক ছিল না। কিছু লোক ভালো নেতা হয়। কিন্তু মেধার কোনো কমতি না থাকলেও সে এটা হতে পারেনি। আমি বলব না সে কোনো কাজের ছিল না, তবে আমি যে ধরনের অধিনায়ক চাই, সে সেই রকম ছিল না’—বইয়ে লিখেছেন সোয়ান।২০০৮ সালে অধিনায়ক হয়ে কোচ পিটার মুরের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কেপি। ফলাফল—কোচ-অধিনায়ক দুজনেরই চাকরি গিয়েছিল। সোয়ানের বই নিয়ে এখন পর্যন্ত কেপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এ নিয়ে সোয়ান ও পিটারসেনের সম্পর্কের কোনো অবনতি হয়নি। ১৯৯৯ সালে জোহানেসবার্গের একটি হোটেলে ড্যারেন গফ ঘুষি মেরেছিলেন সোয়ানকে। দুজনের মধ্যে কিছু একটা নিয়ে মতবিরোধের পরিণতি ছিল ওটা। এ ছাড়া গায়ক রবি উইলিয়ামসকে না চেনায় কোচ রডনি মার্শকে বাজে মন্তব্য করার ঘটনাও আছে বইয়ে। ওয়েবসাইট।