এবার বদলা নিল লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারির শুরুতে ম্যানচেস্টার সিটি তাদের ৩-০ গোলে হারিয়েছিল। প্রথম সুযোগেই বদলা নিয়ে নিল লিভারপুল। গত পরশু লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগে সিটিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ‘অলরেড’রা। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল এনে দেন লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড।একমাত্র গোল, সেটিও পেনাল্টি থেকে। তার মানে কিন্তু এমন নয় যে, ভাগ্যগুণে জয় পেয়েছে লিভারপুল। সিটি গোলরক্ষক তিন-তিনটা দুর্দান্ত সেভ না করলে জয়ের ব্যবধানটা বড়ই হতো। আফ্রিকান নেশনস কাপের জন্য তোরে ভাইয়েরাসহ আরও কিছু আফ্রিকান খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছে সিটিকে। এটিরই যেন প্রভাব পড়েছে ম্যান সিটিতে। কদিন আগে লিগে ৬-১ গোলে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের তৃতীয় রাউন্ডে বিদায় দিয়েছে সিটিকে।লিগ কাপে অবশ্য এখনো আশা জেগে রইল। ফিরতি লেগ ২৫ জানুয়ারি। ২-১ গোলে জিতলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফাইনালে উঠে যাবে সিটি। তবে ছয় বছর ধরে একটিও শিরোপা জিততে না-পারা লিভারপুল এবার যেন মরিয়া। যেকোনো একটি শিরোপা তাদের চাই-ই চাই। দীর্ঘ ব্যর্থতা, তার ওপর বর্ণবাদ নিয়ে লিভারপুল এমনিতেই আছে বিতর্কের মুখে।এই ম্যাচ শেষেও বিতর্ক হয়েছে। বিতর্কটা শুরু করেছেন মানচিনি। না, পেনাল্টির যৌক্তিকতা নিয়ে ইতালিয়ান এই কোচ কোনো প্রশ্ন তোলেননি। সিটির জোলিয়ন লেসকটকে দুই পা দিয়ে স্লাইড করে ট্যাকল করেন গ্লেন জনসন। লেসকট অবশ্য এতে আহত হননি। তবে মানচিনি দাবি করেছেন, গত সপ্তাহে এফএ কাপে এর চেয়েও হালকা ফাউল করেই লাল কার্ড দেখেছেন সিটির ভিনসেন্ট কম্পানি। চার ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন।সর্বশেষ আট ম্যাচে সিটির এটি চতুর্থ পরাজয়। তোরে ভাইদের অনুপস্থিতি, কম্পানির নিষেধাজ্ঞা, দলের মধ্যমাঠের প্রাণভোমরা ডেভিড সিলভা চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া—মানচিনির কপালের দুশ্চিন্তার অশেষ ভাঁজ। এ নিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখার মিশনে নামতে হচ্ছে। সোমবার উইগানের মাঠে খেলা আছে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট পাওয়া সিটির। শুধু ম্যানইউ নয়, এখন তাদের ভাবতে হচ্ছে টটেনহামকে নিয়েও!পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহাম ২-০ গোলে হারিয়েছে এভারটনকে। ম্যানইউর সমান ৪৫ পয়েন্ট এখন হ্যারি রেডন্যাপের দলেরও। এএফপি, রয়টার্স।