এবার বদলে যাচ্ছে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবলে কোনো টুর্নামেন্ট বা লিগ শেষে চ্যাম্পিয়ন শেখ রাসেলের অধিনায়ক শিরোপা নিচ্ছেন। গোটা দলই আনন্দে আত্মহারা। বাস্তব নয়, কল্পনা। শেখ রাসেল এবার নিজেদের সেই কল্পনার জায়গায় বসাচ্ছে।শেখ রাসেল ২০০৩ সালে ঢাকার শীর্ষ ফুটবলে শুরু করে কখনোই এক নম্বর দল হতে পারেনি। পাঁচটি পেশাদার লিগে সর্বোচ্চ সাফল্য তৃতীয়। দুবার ঢাকার প্রিমিয়ার লিগ খেলে একবার রানার্সআপ (সর্বশেষ স্বাধীনতা কাপে রানার্সআপ)। এত দিনের যে ছবি, মোটামুটি বড় বাজেটের দল গড়ে একটা সময় পর্যন্ত লড়াইয়ে থাকে শেখ রাসেল। এরপর পথ হারিয়ে অন্ধকার হাতড়ায়।এটা শেখ রাসেলের অর্থ জোগানদাতাদের নিরুৎসাহিত করছিল। বিষয়টা অনুধাবন করে কর্মকর্তারা কোচ মারুফুল হকের পরামর্শে অভিজ্ঞ খেলোয়াড় নিচ্ছেন এবার, যাতে চ্যাম্পিয়ন হওয়া যায়। সেই তালিকায় আছেন সেরা কয়েকজন খেলোয়াড়। ১৬ আগস্ট দলবদল শুরু হলে দেশসেরা দুই স্ট্রাইকার এমিলি-মিঠুন হয়ে যাবেন শেখ রাসেলের, এই দুজন আসছেন মুক্তিযোদ্ধা ছেড়ে। দেশের সেরা উইঙ্গার আবাহনীর জাহিদ, সেরা প্লে-মেকার মুক্তিযোদ্ধার মামুনুল, দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আবাহনীর নাসির, মামুন মিয়া, লিংকন, মুক্তিযোদ্ধার রেজাউল, মুক্তিযোদ্ধার লেফট উইঙ্গার রাজন নাম লেখাচ্ছেন এই দলে।গোলপোস্টে থেকে যাচ্ছেন অভিজ্ঞ বিপ্লব। থাকছেন উত্তম, আমিনুল, ইমন বাবু, আনোয়ার, মুরাদরা। ইউসুফ, প্রদীপ বড়ুয়া, ইয়ামিন মুন্না, মানিক দল ছাড়ছেন, তবে এতে তেমন ক্ষতি হবে না।গত বছর ফুটবলারদের সর্বোচ্চ পারিশ্রমিক উঠেছিল ২৩ লাখ। এবার শেখ রাসেল সর্বোচ্চ ২৯ লাখ টাকা দিচ্ছে মামুনুলকে। এটা কাল চট্টগ্রামে নিজের বাড়ি থেকে মামুনুল নিজেই জানিয়েছেন ফোনে। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার আরিফুলকে শেখ জামাল ২৮ লাখ টাকা দিচ্ছে বলে খবর, যা নতুন মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক হতে যাচ্ছে। এমিলি জানিয়েছেন, তাঁর সঙ্গে শেখ রাসেলের চুক্তি ২৭ লাখ টাকায়। মিঠুনের ২৪ লাখ। শেখ রাসেলের সভাপতি নূরুল আলম চৌধুরী বলছেন, ‘আমরা এবার ২০-৩০ লাখ টাকার মধ্যে পেমেন্ট করছি খেলোয়াড়দের।’ এদিকে মুক্তিযোদ্ধা তাদের মূল খেলোয়াড়দের হারিয়ে অনেকটা দিশেহারা। দল ছাড়তে যাওয়া খেলোয়াড়দের ডেকে এখন বড় অঙ্ক তো বটেই, দুই বছরের জন্য চুক্তি করার প্রস্তাব দিচ্ছে। তাতে অবশ্য কাজ হওয়ার সম্ভাবনা কম।