দলে ছিলেন না। তার পরও তামিম ইকবাল আবেগ ছোঁয়ানো কণ্ঠে বলতে পারছেন, ‘এই জয় আমারও।’ বাংলাদেশের ক্রিকেটের ঐতিহাসিক এই দিনে তামিমকে একটা ব্যক্তিগত গৌরবও ছুঁয়ে গেল। উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি ওপেনার। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মাসিক ম্যাগাজিনটি গত বছর বর্ষসেরা নির্বাচিত করেছিল বাংলাদেশেরই সাকিব আল হাসানকে।২০১০ সালে সাতটি টেস্টে ৫৯.৭৮ গড়ে ৮৩৭ রান করেছেন ফর্মের তুঙ্গে থাকা তামিম। এই সময় দল কোনো টেস্ট জেতেনি। কিন্তু তামিমের নির্দয় ব্যাট চড়াও হয়েছে সব বড় দলের বিপক্ষেই। তারই স্বীকৃতি এই অর্জন। সামান্য ব্যবধানে তামিম পেছনে ফেলেছেন গ্রায়েম সোয়ান, বীরেন্দর শেবাগ, সাইমন ক্যাটিচ, ডেল স্টেইনদের। দুর্দান্ত ফর্মে থাকা শচীন টেন্ডুলকার মাত্রই টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন আট বছর পর। যদিও পত্রিকাটির বর্ষসেরার তালিকায় ভারতীয় কিংবদন্তি আছেন সাতে।তামিমের ব্যাটিংয়ের সঙ্গে শেবাগের তুলনা করে পত্রিকাটি লিখেছে, ‘বুলডোজার’ মানসিকতার তামিমের ব্যাটিংয়ের মূল দর্শনই হলো, বোলার যেই হোক না কেন তাকে ধ্বংস করে দাও। টানা ১৮ মাস অপরাজিত থাকা ইংল্যান্ড দলকে যে তাদেরই কন্ডিশনে তামিম ঘাম ছুটিয়ে দিয়েছিলেন, সেটিও উঠে এসেছে তাঁকে নিয়ে করা পত্রিকাটির মূল রচনায়।এমনিতে বাংলাদেশ দলের জয়ে আবেগে ভেসে যাচ্ছিলেন। এরই মধ্যে কাল অপ্রত্যাশিতভাবে পেলেন এই আনন্দের খবর। ফোনে দেওয়া প্রতিক্রিয়ায় জানালেন, ‘অবশ্যই ভালো লাগছে। বেশি ভালো লাগছে এটি আন্তর্জাতিক কোনো পর্যায় থেকে আসা একটি স্বীকৃতি হওয়ায়। আমার লক্ষ্য অবশ্য আইসিসির কোনো পুরস্কার জেতা।’দলের এত বড় জয়ের দিনে তাঁর এই অর্জনের তুলনা করতে গিয়েই যেন বেরিয়ে এল আসল তামিম। বয়সের তুলনায় অনেক পরিণত এই ২১ বছর বয়সী মনে করিয়ে দিলেন, দলই আসল, উপরি হিসেবে ব্যক্তিগত কোনো স্বীকৃতি এলে মন্দ হয় না।