এবার বাঁচা-মরার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এখান থেকেই আসলে শুরু। গ্রুপ পর্বে কে কেমন খেলেছে, তাতে কিচ্ছু আসে যায় না।সেই ১১ জুন শুরু হয়ে আজ ১৬তম দিনে গড়াল বিশ্বকাপ। কিন্তু ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এটি কী বললেন! তত্ত্বগতভাবে ভুল মনে হতে পারে, তবে ইংলিশ মিডফিল্ডার মোটেই ভুল বলেননি। আজ শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্যায়। আজই আসলে শিরোপা-যুদ্ধের শুরু। এই ১৫ দিন ছিল বিশ্বকাপে টিকে থাকার লড়াই। যে লড়াইয়ে ব্যর্থতার কালো দাগ এঁকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপ। একেবারে মানিকজোড় হয়ে বিশ্বকাপ-লজ্জার নতুন ইতিহাস লিখেছে ইতালি ও ফ্রান্স। এ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে সাতটি দল। এই সাত দলের বাইরে আর কারও গলায় শ্রেষ্ঠত্বের মালা পরাতে বিশ্বকাপের নাকি ভীষণই অনাগ্রহ। তাই শিরোপার প্রশ্নে বরাবরই হারাধনের দশ ছেলে নয়, কথা ওঠে সাত ছেলেকে নিয়ে। কিন্তু দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে মনে করিয়ে দেয় কোটি কোটি বছর আগে বিলুপ্ত ডাইনোসরের কথা। তাই উরুগুয়েকে নিয়ে কেউ ভাবে না, দারুণ ঔজ্জ্বল্যে এবার দ্বিতীয় রাউন্ডে ওঠার পরও না। উরুগুয়ের জায়গায় সবাই বসিয়ে নিয়েছে স্পেনকে। শুধু সংখ্যা বাড়ানো শিরোপার দাবিদার হিসেবেই নয়, সত্যিকারের চ্যাম্পিয়নের রূপটাই স্পেনের মধ্যে এবার দেখে নিয়েছিল ফুটবলের বিশ্বসংসার। মানে দেখতে চেয়েছিল আর কি! লা ফুরিয়া রোজারা নিজেরাই যা এখনো দেখাতে পারেনি। তাহলে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে, সেই হারাধনের সাত ছেলের গল্পই। যাদের দুজন এরই মধ্যে বিদায় নিয়েছে।নব্বই মিনিটের পর, অতিরিক্ত ৩০ মিনিটের খেলা—তাতেও মীমাংসা না হলে পেনাল্টি শ্যুট আউট। তাতে শেষ হলেই নিশ্চিত কাউকে কাউকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখা যাবে মাঠে। নকআউট নামটা এমনি এমনিই আসেনি!গ্রুপ পর্বের খেলার শেষ দিনে এই লেখা যখন লিখছি, আইভরিকোস্টের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা কোনো অলৌকিক জাদুদণ্ডের ভরসায় সময় গুনছিল। ‘জি’ গ্রুপ থেকে পেন্টাজয়ী ব্রাজিল ও ‘ইউরোপের ব্রাজিল’ পর্তুগালের মধ্যে কে প্রথম আর দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে, সেটি আপনাদের জানা হয়ে গেছে। জানা হয়ে গেছে গ্রুপ ‘এইচ’ থেকে স্পেন-চিলি-সুইজারল্যান্ডের মধ্যে কোন দুটি দল উঠেছে। বাকি ১৪টি দলের নাম তো চূড়ান্তই। গ্রুপওয়ারি তা এ রকম: উরুগুয়ে-মেক্সিকো, আর্জেন্টিনা-দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড, জার্মানি-ঘানা, হল্যান্ড-জাপান, প্যারাগুয়ে-স্লোভাকিয়া, ব্রাজিল-পর্তুগাল। আজ দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে পোর্ট এলিজাবেথে উরুগুয়ের সামনে দাঁড়াবে দক্ষিণ কোরিয়া। রাস্টেনবার্গে পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ঘানা।সাত ছেলের কথা হচ্ছিল। হল্যান্ড তাতে নেই, কারণ ডাচরা বিশ্বকাপ-বিধাতার কী এক অভিশাপ বয়ে বেড়াচ্ছে। কিন্তু এই টুর্নামেন্টে তাদের মধ্যে দেখা যাচ্ছে অন্য রকম প্রত্যয়। দক্ষিণ কোরিয়া ও জাপান অনগ্রসর এশিয়ার পতাকাবাহক। কিন্তু তাদের মধ্যেও যেন এবার নতুন কিছু করে দেখানোর তাড়না। যুক্তরাষ্ট্র ফুটবলের খেয়ালি সন্তান, তারাও এবার নতুন কোনো অর্জনের আলোয় ভাসতে চায়। স্বাগতিক মহাদেশের হাহাকার ঘোচাতে তাদের পতাকাতলে গোটা আফ্রিকাকে এক হওয়ার আহ্বান জানিয়ে রেখেছে ঘানা। কিন্তু এ ছাড়া তো লাতিন আমেরিকারই জয়গান গাইছে এবারের বিশ্বকাপ। চিলিও উঠে থাকলে পাঁচে পাঁচ। তাহলে কি এবারের বিশ্বকাপ লাতিনদের জন্যই সাজিয়ে রেখেছে চমকে ভরা কোনো চিত্রনাট্য!সেটি পরের ব্যাপার। আপাতত শেষ ষোলোর লড়াই নিয়েই কথা হোক। দক্ষিণ আফ্রিকার মাঠে মাঠে এখন কথা যা হচ্ছে, বেশির ভাগই ইংল্যান্ড-জার্মানি আগামীকালের ম্যাচ নিয়ে। মিডিয়া সেন্টার সরগরম। বলা হচ্ছে মহাকাব্যিক ম্যাচ। মহাকাব্যিক? কাব্য হতে গেলেই তো ছন্দ লাগে। ইংল্যান্ড তেমন ফুটবল খেলল কখন এই বিশ্বকাপে? অথচ যাদের ফুটবলকে বলা হয় শ্রমিকের হাতুড়ির ঘা, সেই জার্মানি সুন্দরতর ফুটবল উপহার দিয়েছে। তারা দেখিয়েছে গতি, উপহার দিয়েছে নৈপুণ্য, প্রকাশ করেছে সেই হার না-মানা মানসিকতা। অনেকেই জার্মানিকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছে আগেই।কিন্তু ইংল্যান্ড বলছে, তারা এখন তৈরি। ঝড়ঝাপটা সামলে এখনই পাল তুলে ছুটবে তাদের নৌকা। মাঠের অন্ধকারে হারিয়ে থাকা ওয়েইন রুনির কণ্ঠে কথা ফুটেছে, তিনি এখন ‘ফিট’। জার্মানির সঙ্গে লড়াইয়ের জন্য সময় গুনছেন। ইংল্যান্ড ব্লুমফন্টেইনে বসে কৌশল সাজাচ্ছে জার্মান দেয়াল ধ্বংসের। জার্মান কোচ জোয়াকিম লোরও নাকি তর সইছে না এই লড়াইয়ে নামতে। মাঝমাঠের সেনানী বাস্তেন শোয়েনস্টাইগারকে মাঠে নামতে পারেন কি না ঠিক নেই। কিন্তু জার্মান শিবিরকে মোটেই বিচলিত লাগছে না। তারা হয়তো ইংল্যান্ডের সত্যোপলব্ধিটা জানে, ফুটবল অতি সাধারণ খেলা, ২২ জন খেলোয়াড় ৯০ বা ১২০ মিনিট ধরে এটি খেলে আর শেষে জার্মানি জেতে। শুধু ইংল্যান্ড-জার্মানিই খবরে থাকবে, তা কি হয়? ডিয়েগো ম্যারাডোনা আছেন না! ম্যারাডোনা দ্বিতীয় রাউন্ড শুরুর আগে হোসে মরিনহোকে নিয়ে খবরের পাতায়। রণকৌশল সাজাতে রিয়াল মাদ্রিদের কোচের শরণাপন্ন হয়েছেন ম্যারাডোনা। মরিনহোর ফোন নম্বর জোগাড় করে ফেলেছেন। আগামীকাল সকার সিটিতে মেক্সিকোর বিপক্ষে দাঁড়ানোর আগে একবার নিশ্চয়ই কথা বলেছেন মরিনহোর সঙ্গে। দূর, মেক্সিকোর বিপক্ষে জিততে মেসি-হিগুয়েইনদের এত কিছু লাগে নাকি?লাগে, খেলাটা যে নকআউটের! একটু এদিক-ওদিক হলেই স্বখাত-সলিল।