এবার বার্সার প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করে ছুটছেন সেস্ক ফ্যাব্রিগাস (ডানে)। অভিনন্দন জানাতে তাঁর পেছনে দৌড়ালেন নেইমার। বার্সেলোনা জিতেছে ফ্যাব্রিগাসের ওই এক গোলেই   এএফপি
গোল করে ছুটছেন সেস্ক ফ্যাব্রিগাস (ডানে)। অভিনন্দন জানাতে তাঁর পেছনে দৌড়ালেন নেইমার। বার্সেলোনা জিতেছে ফ্যাব্রিগাসের ওই এক গোলেই এএফপি

সেই মিলান নেই। সেই আয়াক্সও বদলে গেছে। কিন্তু জৌলুশ না থাকলে কি ঐতিহ্য হারিয়ে যায়? একসময় ওরা ইউরোপ শাসন করেছে। এই দুই দল মিলে ১১ বার ইউরোপ-সেরা হয়েছে—এটা তো আর ভুল নয়।
এখনকার দল যেমনই হোক, পরিসংখ্যান আর ঐতিহ্যে বিবেচনায় নিলে পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বড় ম্যাচটা ছিল আমস্টারডামে। ‘কেউ কারে নাহি ছাড়ে’ সেই ম্যাচে মিলান হারেনি, জিততে পারেনি আয়াক্সও। ১-১ ড্র হওয়া একসময়ের দুই যুযুধানের লড়াইয়ের রাতে প্রত্যাশিত জয় পেয়েছে চেলসি, বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড আর অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রাতে সবচেয়ে দুর্দান্ত জয়টা ইংলিশ ক্লাব আর্সেনালের। অসাধারণ খেলে আর্সেন ওয়েঙ্গারের দল হারিয়েছে সিরি ‘আ’তে এখন পর্যন্ত অপরাজিত নাপোলিকে। পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচগুলোর সারাংশ তুলে দেওয়া যায় এভাবে—
আয়াক্স ১-১ এসি মিলান
প্রায় দেড় ঘণ্টা যে ম্যাচ গোলশূন্য, তাতে যোগ হওয়া সময়ের ৫ মিনিটে চরম নাটকীয়তা। ৯০ মিনিটে স্টেফানো ডেনসউইলের গোলে উল্লাস করেছে আমস্টারডামের দর্শক। কিন্তু যোগ হওয়া সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টিতে মারিও বালোতেল্লির গোল নিভিয়ে দেয় সে উচ্ছ্বাস। আয়াক্সের হতাশাটা বুঝে নিতে পারেন ম্যাচ শেষে ডাচ রেডিওতে অধিনায়ক সিয়েম ডি ইয়ংয়ের কথা শুনে, ‘কোনো ম্যাচে আপনি যখন ৯০ মিনিটে প্রথম গোল করবেন, ধরে নেওয়া যায় যে আপনি ম্যাচটা জিতবেন। ড্র করে আমার নির্বোধের মতো লাগছে।’

সেল্টিক ০-১ বার্সেলোনা

গতবার গ্রুপ পর্বে হারতে হয়েছিল। তার ওপর চোটের কারণে নেই লিওনেল মেসি। সেল্টিকের বিপক্ষে বার্সেলোনা কিছুটা শঙ্কায় তো ছিলই। তবে স্কটিশ ক্লাবটি নিজেদের কপাল পোড়াল নিজেরাই। ৫৯ মিনিটে পড়ে যাওয়া নেইমারের পিঠে লাথি মেরে লাল কার্ড দেখেন স্কট ব্রাউন। ১০ জনের দল হয়ে যাওয়া সেল্টিকের বিপক্ষে এরপর ৭৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সেস্ক ফ্যাব্রিগাস। এর আগ পর্যন্ত বার্সার সঙ্গে সমানতালে লড়ছিল সেল্টিক। জয়টা যে সহজ ছিল না সেটা ম্যাচ শেষে স্বীকার করেছেন ফ্যাব্রিগাসও, ‘এটা খুবই কঠিন ম্যাচ ছিল এবং আমরাও জানতাম যে এ রকম কঠিন হবে।’

স্টুয়া বুখারেস্ট ০-৪ চেলসি
প্রথম ম্যাচে বাসেলের কাছে হার। ম্যাচের আগেই তাই চেলসি কোচ হোসে মরিনহো বলে দিয়েছিলেন—জয় ছাড়া আর কিছু তাঁর মাথায় নেই। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের জোড়া গোলের সঙ্গে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটি আর একটি আত্মঘাতী গোল মিলিয়ে ৪-০ ব্যবধানের বিশাল জয়ই পেয়েছে চেলসি। তবে বুখারেস্টে রাতের সেরা ফুটবলার ছিলেন চেলসি ফরোয়ার্ড আন্দ্রে শুরলে। জার্মান স্ট্রাইকারে মুগ্ধ কোচ মরিনহোও, ‘আমরা চাইছিলাম কেউ একজন প্রতিপক্ষের রক্ষণভাগ তুবড়ে দিক। আজ সে ওই কাজটা করেছে।’

বরুসিয়া ডর্টমুন্ড ৩-০ মার্শেই
প্রথম ম্যাচে নাপোলির কাছে হার। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য দারুণ একটা জয় দরকার ছিল বর্তমান রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডের। কোচ ইয়ুর্গেন ক্লপ ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। তবে তাঁকে ছাড়াই মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ডর্টমুন্ড। রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন মার্কো রিওসও। টানা দুই ম্যাচেই হেরে গেল মার্শেই।

আর্সেনালের হয়ে মেসুত ওজিলের প্রথম গোল  এএফপি
আর্সেনালের হয়ে মেসুত ওজিলের প্রথম গোল এএফপি

আর্সেনাল ২-০ নাপোলি
প্রিমিয়ার লিগ হোক বা চ্যাম্পিয়নস লিগ—এ মৌসুমে আর্সেনালকে হিসেবের খাতা থেকে বাতিল করে দেওয়া যে সহজ হবে না সেটা এরই মধ্যে দেখিয়েছে ওয়েঙ্গারের দল। বিশেষ করে মেসুত ওজিল যোগ দেওয়ার পর থেকে তো গানাররা দুর্দান্ত ফর্মে। জার্মান প্লে-মেকার পরশু রাতে আর্সেনালের জার্সি গায়ে প্রথম গোলও পেয়ে গেলেন। পরে অলিভিয়ের জিরুর আরও একটি গোল। সিরি ‘আ’ আর চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা নাপোলি এমিরেটস স্টেডিয়ামে গিয়ে পেল এই মৌসুমে প্রথম হারের স্বাদ! এএফপি।
বাসেল ০-১ শালকে, জেনিত ০-০ অস্ট্রিয়া ভিয়েনা, পোর্তো ১-২ অ্যাটলেটিকো