এবার বার্সার বলি ভিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪০ মিলিয়ন পাউন্ড—বার্সেলোনার এই গ্রীষ্মের দলবদলের বাজেটটা বেশ কমই। ক্লাবের ৩৫০ মিলিয়ন পাউন্ড ঋণের বোঝা কমাতেই কাতালান ক্লাবটির এই সিদ্ধান্ত। বাজেট কম হলে কী হবে, বার্সার চোখ পড়েছে তিনজনের ওপর। তাঁদের পেতেও মরিয়া স্প্যানিশ এবং ইউরো চ্যাম্পিয়নরা। কিন্তু আর্সেনালের সেস ফ্যাব্রিগাস, উদিনেসের অ্যালেক্সিস সানচেজ আর ভিয়ারিয়ালের জিউসেপ্পে রোসিকে পেতে লাগবে ৯১ মিলিয়ন পাউন্ড। এত টাকা কীভাবে জোগাড় হবে?বার্সেলোনার ইচ্ছাপূরণের বলি হতে পারেন ডেভিড ভিয়া। গত মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে নিয়ে আসা স্পেনের সর্বোচ্চ গোলদাতাকে টাকা জোগাতে চেলসি বা ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করে দিতে পারে বার্সা। ইংল্যান্ডের দ্য ডেইলি মিরর পত্রিকা দিয়েছে এই খবর। ৩৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় নাম লিখিয়ে ভিয়া প্রথম মৌসুমে করেছেন ২৩ গোল। গত মৌসুমে বার্সেলোনার ইব্রাহিমোভিচকে পাওয়ার ইচ্ছাপূরনের বলি হতে হয়েছিল ইতোকে। বার্সেলোনার নতুন মৌসুমের চাহিদা তালিকায় যে তিনজন আছেন, তাঁদের মধ্যে এখন পর্যন্ত সানচেজকে পাওয়ার সম্ভাবনাই তৈরি হয়েছে। অন্য দুজনের একজন ফ্যাব্রিগাসকে নিয়ে শিগগিরই আর্সেনালের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে ক্লাব কর্তৃপক্ষ। আর রোসি-বিষয়ক কথাবার্তা এখনো রয়েছে প্রাথমিক পর্যায়ে।সানচেজ যে বার্সেলোনার খুব কাছে চলে এসেছেন, এ খবর স্প্যানিশ ও ইতালিয়ান পত্রপত্রিকার। ফুটবল ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে, সানচেজকে নিয়ে যে পাঁচটি ক্লাবের লড়াই চলছিল, তাদের মধ্যে জয় হলো বার্সারই। বার্সেলোনার সঙ্গে সানচেজকে পাওয়ার লড়াই চলছিল ম্যানচেস্টারের দুই ক্লাব ইউনাইটেড ও সিটির এবং ইতালির দুই পরাশক্তি ইন্টার মিলান ও জুভেন্টাসের।স্পেনের এল মুন্ডোর খবর, দু-এক দিনের মধ্যেই চুক্তি সই হয়ে যাবে। কোপা আমেরিকার দলে যোগ দিতে ২৪ জুন চিলিতে ফিরবেন সানচেজ। এর আগেই সবকিছু শেষ করে ফেলতে চায় বার্সা। এএফপি, ওয়েবসাইট।