এবার বিদায় চিরতরেই
এর আগেও একবার অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন পল স্কোলস। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে গত বছরের জানুয়ারিতে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে ফিরে এসেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। তবে এবার পাকাপাকিভাবে অবসরে যাওয়ার কথা ঘোষণা করেছেন স্কোলস। আজ রোববার সোয়ানসে সিটির বিপক্ষে ম্যাচটিতেই শেষবারের মতো মাঠে দেখা যাবে ৩৮ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারকে।১৯৯৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে খেলা শুরু করেছিলেন পল স্কোলস। এর পর দীর্ঘ ১৮ বছর বিশ্বস্ততার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠ সামলেছিলেন তিনি। হয়ে উঠেছিলেন অ্যালেক্স ফার্গুসনের অন্যতম প্রিয় শিষ্য। এবার ওল্ডট্র্যাফোর্ডে অ্যালেক্স ফার্গুসনের শেষ ম্যাচটি হতে যাচ্ছে পল স্কোলসেরও শেষ ম্যাচ। অবসরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি চিরতরেই তুলে রাখতে যাচ্ছি বুটজোড়া। ম্যানচেস্টার ইউনাইটেডে এত দীর্ঘ ও সফল একটা সময় পার করা এবং সর্বকালের সেরা কোচের অধীনে খেলতে পারাটা আমার জন্য বিশাল সম্মান।’পুরো ফুটবল ক্যারিয়ারে একবারও দলবদল না করায় তাঁকে ডাকা হয় ‘ওয়ান-ক্লাব ম্যান’ নামে। আজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের ৭১৬তম ম্যাচটি খেলতে নামবেন পল স্কোলস। এখন পর্যন্ত ইংল্যান্ডের শীর্ষ এ ক্লাবটির হয়ে ১৫৫ গোল করেছেন এই মিডফিল্ডার। প্রিয় শিষ্যের অবসরে যাওয়ার সিদ্ধান্ত শোনার পর কোচ অ্যালেক্স ফার্গুসন বলেছেন, ‘পল সত্যিই একজন অবিশ্বাস্য ধরনের খেলোয়াড়। পুরো ক্যারিয়ারেই সে ক্লাবের প্রতি নিবেদিত ছিল। আর তার সঙ্গে এত বছর ধরে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’ ওয়েবসাইট।