এবার বিদায় বলার পালা: ফন ডার সার
ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডাচ তারকা এডউইন ফন ডার সারের বয়স এখন ৪০। আগামী ২৮ মে ওয়েম্বলিতে বার্সেলোনাকে তাঁর দল যদি হারিয়ে দেয় তাহলে তিনি এক অনন্য কৃতিত্বের অধিকারী হবেন। সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা ফুটবলারের গৌরব তখন তাঁর মাথায় মুকুট হয়ে বসে যাবে। ছয় মৌসুম ওল্ড ট্র্যাফোর্ডে পার করে দেওয়ার পর ফন ডার সার জানিয়ে দিয়েছেন , বুট-গ্লাভস খুলে রাখার সময়টা বোধ হয় এবার এসেই গেছে। তবে ইউরোপ সেরা এই গোলরক্ষকের শুভাকাঙ্ক্ষীদের অভিমত অন্য। তারা বলছে, ফন ডার সারের যে ফর্ম, তাতে তিনি খুব সহজেই আরও এক বছর পেশাদার ফুটবলটা চালিয়ে যেতে পারবেন। এডউইনের অবশ্য তাতে রয়েছে ভিন্নমত। তিনি বলেছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে জিতে ফুটবলকে বিদায় জানানোর মতো দারুণ ব্যাপার আর হতে পারে না। মনে হচ্ছে, এ জন্যই এত দিন ফুটবলটা খেলে যাচ্ছি।ফন ডার সারের জন্য চ্যাম্পিয়নস লিগ সাফল্য নতুন কিছু নয়। এর আগেও আরও দুবার ইউরোপ সেরা হওয়ার গৌরব তাঁর ঝুলিতে রয়েছে। ১৯৯৫ সালে আয়াক্সের হয়ে জিতেছিলেন। ২০০৮ সালে জিতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই। তবে এবারের কথা ভিন্ন। বার্সেলোনার মতো দলকে হারিয়ে যদি ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিততে পারে, তাহলে সেটি হবে ফন ডার সারের ক্যারিয়ারের সেরা সাফল্য। ‘প্রত্যেক পেশাদার ফুটবলারই সুন্দরমতো তার ক্যারিয়ার শেষ করতে চায়। তবে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে আমি যদি বার্সেলোনার মতো দলের বিপক্ষে জিতে ক্যারিয়ার শেষ করতে পারি, তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে !’ ফন ডার সারের অভিমত।তাঁর মতে, ‘ওয়েম্বলির ফাইনাল হবে নার্ভ গেম। এই ম্যাচটিতে অবশ্যই অন্যকিছু থাকবে। দারুণ উত্তেজনাপূর্ণ খেলা হবে। আশা করছি, আমরা খেলেই বার্সেলোনাকে হারাতে পারব।’ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এই মুহূর্তে তিনি তাঁর আত্মজীবনী প্রকাশের চিন্তাভাবনা করছেন। সে লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছেন এই ডাচ গোলরক্ষক। আত্মজীবনীর কাজে অনেক পুরোনো স্মৃতি মনের মণিকোঠায় ভিড় করছে। ব্যাপারটি তাঁকে আনন্দই দিচ্ছে। ‘দীর্ঘ পথ পরিক্রমণ করে এসেছি। পেছন ফিরে তাকিয়ে দেখছি, বড় আনন্দময় ছিল এই পথচলা।’ ফন ডার সারের মন্তব্য। ওয়েবসাইট।