এবার বিধ্বস্ত রিয়াল
মঙ্গলবার মিউনিখের সেই রাতের পর অভাবনীয় নয় হয়তো আর কিছুই। তবুও কি কেউ ভাবতে পেরেছিল, পরপর দুই রাতে এমন বিস্ময় আর মুগ্ধতা উপহার দেবে জার্মান ফুটবল! বায়ার্ন মিউনিখের মতো চোখ ধাঁধানো ফুটবল খেলল বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনার নিয়তি মানতে হলো রিয়াল মাদ্রিদকে। গতিময়, আক্রমণাত্মক ফুটবলে রিয়ালের তারকারাজিকে মাটিতে নামিয়ে আনল ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কের কৃত্রিম আলো ছাপিয়ে চোখ ধাঁধানো আলোর ছটা ছড়ালেন রবার্ট লেভানডফস্কি। চার মিলিয়ন ডলারের স্ট্রাইকারের অমূল্য চার গোল ওয়েম্বলির খুব কাছে পৌঁছে দিল ডর্টমুন্ডকে।৪ গোল খেয়েও অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে নিজেদের খানিকটা এগিয়ে রেখেছে রিয়াল। সান্ত্বনার একটি ‘অ্যাওয়ে’ গোল এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টুর্নামেন্টে ১২ নম্বর গোলটি রোনালদোকে এনে দিয়েছে বেশ কটি রেকর্ড, আর রিয়ালের জন্য এই গোলটি আশার প্রায় নিবু নিবু সলতে। ‘লা ডেসিমার’র স্বপ্ন জিইয়ে রাখতে আগামী মঙ্গলবার নিজের মাঠে ৩-০-তে জিততে হবে রিয়ালকে। হোসে মরিনহো যেমন এখনই বিদায় মানছেন না, ইয়ুর্গেন ক্লপও ফাইনালে এক পা দেওয়ার দাবি করছেন না। তবে সত্যিটা হলো, চ্যাম্পিয়নস লিগে প্রথম ‘অল জার্মান’ ফাইনাল ইতিহাস এখন মনে হচ্ছে কেবলই সময়ের অপেক্ষা।অনন্য এক ইতিহাস তো কাল গড়েই ফেললেন লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কেউ ৪ গোল করলেন এই প্রথম। শুধু গোলসংখ্যাতেই নয়; স্কিল, গতি, সামর্থ্য, নিখুঁত ফিনিশিং আর মানসিকতায় প্রতিটি গোল, প্রতিটি পদক্ষেপেই পোলিশ স্ট্রাইকার চিনিয়েছেন নিজের জাত। তাঁর সঙ্গে মার্কো রিউস আর মারিও গোটশে মিলে দিশেহারা করে ছেড়েছেন রিয়ালের ডিফেন্স। সেন্ট্রাল ডিফেন্সে পেপে-ভারানদের বাজে পারফরম্যান্সে ডর্টমুন্ডের প্রায় প্রতিটি আক্রমণই জাগিয়েছে গোলের সম্ভাবনা। চাপের মুখে পরশু ফুটে উঠেছে তরুণ ভারানের অনভিজ্ঞতা, পেপে ছিলেন সম্ভবত ম্যাচের সবচেয়ে বাজে খেলোয়াড়।এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে ডর্টমুন্ড সমর্থকদের কাছে প্রায় ‘ভিলেনে’ পরিণত হয়েছিলেন যিনি, সেই গোটশের ছোঁয়া থেকেই এসেছে প্রথম গোল। আট মিনিটে তাঁর ক্রসে পা বাড়িয়েই দলকে এগিয়ে দেন লেভানডফস্কি। খেলা শুরুর বাঁশি বাজতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ডর্টমুন্ড, প্রথম ১০ মিনিটে দিশেহারা করে ছাড়ে রিয়ালকে। থিতু হতে হতেই মিনিট বিশেক সময় নিয়ে ফেলে রিয়াল। তিন মিনিটে তিনটি ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেনি। সমতা ফেরায় তারা ৪৩ মিনিটে। ভারানের পায়ে লেগে রিউস বক্সে পড়ে গেলে ডর্টমুন্ডের পেনাল্টির দাবি মানেননি রেফারি। উল্টো ম্যাট হামেলসের দুর্বল ব্যাকপাস ধরে হিগুয়েইন বাড়িয়ে দেন ফাঁকায় থাকা রোনালদোকে। টানা ছয় ম্যাচ আর সব মিলিয়ে পাঁচটি সেমিফাইনালে গোল করে রোনালদো ঢুকে যান ইতিহাসে।সমতার স্বস্তি বেশিক্ষণ সঙ্গী হয়নি রিয়ালের। দ্বিতীয়ার্ধের শুরুতেও আবার ডর্টমুন্ডের মুহুর্মুহু আক্রমণের ঝড়। ১৫ মিনিটের ‘লেভানডফস্কি শো’য়ে হতভম্ব স্প্যানিশ দৈত্যরা। ৫০ মিনিটে রিউসের পাসে অফসাইড ফাঁদ এড়িয়ে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে জালে জড়ান কাছ থেকে। ম্যাচের সেরা গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন পাঁচ মিনিট পর। মার্সেল স্মেলজারের ক্রস ধরে দারুণ এক টাচে পেপেকে ছিটকে ডান পায়ের গোলা জড়ান জালে। এমনকি ১০ মিনিট পর পেনাল্টি থেকে করা গোলটিও ছিল দুর্দান্ত। ডিয়েগো লোপেজের অসাধারণ এক সেভ ২৪ বছর বয়সী স্ট্রাইকারকে বঞ্চিত করেছে পঞ্চম গোল থেকে। শেষ বাঁশি বাজতেই গ্যালারির উত্তাল হলুদ সমুদ্রের গর্জন ছড়িয়ে গেল যেন বিশ্বময়। শেষ পর্যন্ত ডর্টমুন্ড ট্রফি জিতুক না-জিতুক, ডর্টমুন্ডের সমর্থকেরা কিন্তু এবারের অবিসংবাদিত চ্যাম্পিয়ন! এএফপি, ওয়েবসাইট।