এবার বিপিএলে সাত দল
এই জানুয়ারিতেই বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দ্বিতীয় সংস্করণ নেমে পড়ছে মাঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্বনির্ধারিত সময়েই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং এবার তা হচ্ছে আরও বড় কলেবরে। কাল বিসিবির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানিয়েছেন, আগামী ১৭ জানুয়ারি শুরু হবে বিপিএলের দ্বিতীয় আসর।১৭ জানুয়ারি অবশ্য শুধু উদ্বোধনী অনুষ্ঠানই হবে। ২০ ওভার ক্রিকেটের টুর্নামেন্টটা ২২ গজে নামবে পরের দিন, যদিও সূচি এখনো ঠিক করা হয়নি। তবে খেলোয়াড়দের নিলাম হবে ২০ ডিসেম্বর। বিপিএলের প্রথম আসরে ছয়টি দল খেললেও এবার খেলবে সাতটি দল। সপ্তম ফ্র্যাঞ্চাইজি নেওয়া হয়েছে রংপুর বিভাগকে।বারবার বকেয়া পরিশোধের জন্য ‘সর্বশেষ’ সময় বেঁধে দিয়েছিল প্রথম বিপিএলের গভর্নিং কাউন্সিল। কিন্তু অংশ নেওয়া স্থানীয় খেলোয়াড়েরা এখনো পুরো পারিশ্রমিক পাননি। তবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির কর্মকর্তারা মনে হলো বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আফজালুর রহমান সিনহা জানালেন, ৩০ ডিসেম্বরের মধ্যেই বকেয়া পরিশোধ করতে হবে। কাল বলা হলো, ২৫ শতাংশ পারিশ্রমিক এবার দিতে হবে খেলা শুরুর আগে। ২৫ শতাংশ শেষ ম্যাচের আগে এবং বাকি ৫০ শতাংশ পরিশোধ করতে হবে পরের ছয় মাসের মধ্যেই। বিদেশিদের গত বিপিএলের পুরো টাকাটাই শোধ হয়ে গেছে বলে দাবি করলেন বিসিবির কর্তারা। এবারও বিপিএলে দেখা যাবে না ভারতীয় কোনো ক্রিকেটারকে। গতবার বিপিএলের খেলাগুলো হয়েছিল শুধু ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে এবার ভেন্যু বেড়েছে আরেকটি। খেলা হবে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। চট্টগ্রামের ম্যাচগুলো হবে এম এ আজিজ স্টেডিয়ামে।বিপিএলের স্বত্ব কিনে নেওয়া প্রতিষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ গেম অনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর যেসব জটিলতা ছিল, সেটা এবার থাকবে না বলে আশা করছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। তাঁর কথা, ‘এবার সম্পূর্ণ লিখিত চুক্তি হয়েছে। কার কী দায়িত্ব, সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার এ ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ নেই।’গত আসরে বিপিএলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বিসিবির অনেক কর্মকর্তা ও চাকুরে। এবার বিসিবি-সংশ্লিষ্ট কেউ যুক্ত থাকতে পারবেন না। নাজমুল হাসান জানালেন, ‘যাঁরা বিসিবির চাকুরে, তাঁদের কেউ বিপিএলের কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। বিশেষত, বিপিএল থেকে ব্যবসায়িক মুনাফা হতে পারে এমন কোনো কাজের সঙ্গে বিসিবির কেউ থাকতে পারবেন না। গোপনে কেউ পরামর্শদাতা হিসেবে থাকলেও সেটা জানতে পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’কাল সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিএলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।