এবার বিশ্বকাপে চোখ স্পেনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক যে রকম উচ্ছ্বাস অনেকে প্রত্যাশা করেছিল, তেমনটা হলো না। ডাগ আউটে খেলোয়াড়েরা একে অন্যের কাঁধে হাত দিয়ে অপেক্ষা করছিলেন শেষ বাঁশির। শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে পড়লেন জাভি-ইনিয়েস্তারা। কিন্তু ইউরোর মতো বড় একটা টুর্নামেন্ট জয়ের উচ্ছ্বাস যতটা বেশি হওয়ার কথা, ততটা নয়। ঠিক বুনো নয়। এর চেয়ে বরং সেমিফাইনাল জিতেই বেশি উৎসব করেছে স্পেন! উৎসবে অবশ্য তার পরও একটা ভিন্ন মাত্রা ছিল। এবার অধিকাংশ খেলোয়াড় শিরোপা উৎসবের সময় মাঠে নিয়ে এসেছিলেন তাঁদের শিশুসন্তানদের। ম্যাচ শেষে জাবি আলোনসো এর সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘গতবারের ইউরোর চেয়ে এবারের আবেগ আর উচ্ছ্বাস একেবারেই অন্য রকম ছিল। এবার উচ্ছ্বাস অনেক বেশি পরিমিত ছিল। আমরা শান্তই ছিলাম। চার বছর আগে অনেক বেশি উচ্ছ্বাস হয়েছে।’এই দলটা সাফল্যের স্বাদ জানে। তবে একজন কিন্তু একেবারেই অন্য রকম। জর্ডি আলবা। সদ্যই ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো এই ২৩ বছর বয়সী টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। পরশু দ্বিতীয় গোলটিও তাঁর। আলবা তাঁর ক্যারিয়ারেই এই প্রথম জিতলেন কোনো শিরোপা। তরুণ লেফট-ব্যাক বলেছেন, ‘এই ইউরো আমার জন্য ছিল অবিশ্বাস্য এক স্বপ্নপূরণ। এটা আমার প্রথম ইউরো, অন্য সতীর্থরা তো এরই মধ্যে ইতিহাস গড়েই ফেলেছে। এখন আমার পালা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’ ইকার ক্যাসিয়াসের চোখে আলবার দ্বিতীয় গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। স্প্যানিশ অধিনায়ক সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর হাতে আরও একটি ট্রফি তুলে দেওয়ার জন্য, ‘চারটি অবিশ্বাস্য বছর কাটালাম। অনেকের হয়তো মনে হতে পারে, ৪-০ যখন আমরা অনায়াসে জিতেছি। ব্যাপারটা আসলেই সে রকম ছিল না।’ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শততম আন্তর্জাতিক জয় তুলে নেওয়া ক্যাসিয়াস বলেছেন, এখন সময় সামনে তাকানোর।স্পেনের খেলোয়াড়দের কণ্ঠে ঘুরেফিরে এল ২০১৪ বিশ্বকাপ। আরও সাফল্য, আরও ক্ষুধা। এখানেই তাঁরা তৃপ্ত নন। এখন ব্রাজিল বিশ্বকাপের টিকিট কাটাই প্রথম কর্তব্য। শিগগিরই শুরু হয়ে যাবে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব। ইতালির কফিনে শেষ পেরেক ঠোকা হুয়ান মাতা বলছেন, ‘এখন সময়টা উপভোগের। তবে আশা করছি, আমরা ব্রাজিলেও জয়ের পুনরাবৃত্তি ঘটাব।’চেলসি-সতীর্থ ফার্নান্দো তোরেসের পাস থেকে গোলটি করেছেন মাতা। তোরেস নিজেও চার মিনিট আগে করেছেন দলের তৃতীয় গোল। টুর্নামেন্টের গোল্ডেন বুটও জিতেছেন। কিন্তু তোরেস বলছেন, যারা খেলেছে, যারা খেলেনি—এই জয়ের কৃতিত্ব দলের সবার। ফাইনালে স্পেনকে শেষ পর্যন্ত ‘স্পেন’ মনে হওয়ার বড় কারণ জাভির ফর্মে ফেরা। বার্সার মাঝমাঠের প্রাণভোমরা বলছেন, ‘আমার নিজের জন্য আজ (পরশু) খুব ভালো একটা ম্যাচ গেছে। অবশেষে আমি ম্যাচে প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখতে পেরেছি। অনেক নিচে থেকে নিখুঁত পাস দিতে পারছিলাম, যেটা আগের ম্যাচগুলোতে পারিনি।’ এএফপি ও ওয়েবসাইট।