
ফুটবলার হওয়া নিয়ে মনে কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না। তবে দ্বন্দ্ব একটা ছিল। মায়ের মতো হবেন নাকি বাবার মতো?
মা ক্যারিন ছিলেন স্ট্রাইকার, প্রথম বিভাগের বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন বেলজিয়ামের মহিলা ফুটবল লিগে। ডিফেন্সিভ মিডফিল্ডার বাবা থিয়েরি অবশ্য অত দূর যেতে পারেননি। দ্বিতীয় বিভাগে কিছুদিন খেলে ক্রীড়া শিক্ষকতাকে বেছে নেন পেশা হিসেবে।
এডেন হ্যাজার্ডের ওপর মায়ের প্রভাবটাই বেশি পড়ল। পুরোদস্তুর স্ট্রাইকার অবশ্য নন তিনি। মূলত উইঙ্গার, যার সম্পর্কে চার বছর আগে জিদান বলেছিলেন, ‘ছেলেটা দারুণ প্রতিভাবান আর খুব দ্রুত। ভবিষ্যতে বড় তারকা হবে। আমি চোখ বন্ধ করে তাকে রিয়াল মাদ্রিদে নিতে রাজি।’
জিদানের চোখ যে ভুল করেনি লিল এবং চেলসির হয়ে এরই মধ্যে সেটার প্রমাণ দিয়েছেন হ্যাজার্ড। এবার বেলজিয়ামের হয়ে বিশ্বকাপেও আলো ছড়ানোর অপেক্ষা। গত দুই বিশ্বকাপ দর্শক হয়ে দেখার পর সোনালি প্রজন্মের হাত ধরে এই বিশ্বকাপে চমক জাগানো কিছু করার স্বপ্ন দেখছে বেলজিয়াম। তাদের সেই স্বপ্ন-সারথিও তো হ্যাজার্ডই!
প্রত্যাশাটা এত বাড়িয়ে দেওয়ার কারণও কিন্তু হ্যাজার্ড নিজেই। লিলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৬-০৭ মৌসুমে। দুই বছর পরেই ফরাসি লিগের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে জেতেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার৷ এর দুই বছর পর তার নৈপুণ্যে ডাবল (লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ) জিতল লিল, হ্যাজার্ডকে নিয়ে কাড়াকাড়ি শুরু হলো ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী চেলসি। ৩৮.৬ মিলিয়ন ইউরোতে তার স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমানোর গল্পটাও মজার। হ্যাজার্ডের তখনকার কোচ রুডি গার্সিয়া আত্মজীবনীতে লিখেছেন—একদিন গের্ভিনহোর (লিলে হ্যাজার্ডের তখনকার সতীর্থ) কাছে দিদিয়ের দ্রগবার ফোন এল। ওপাশ থেকে দ্রগবা তার জাতীয় দলের সতীর্থকে অনুরোধ করলেন হ্যাজার্ডের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। হ্যাজার্ড ফোন ধরে শোনেন ওপাশে একজন বলছেন, ‘আমি রোমান আব্রামোভিচ৷ আমি জানি না তুমি লিলে কত বেতন পাও। কিন্তু চেলসিতে এলে আমি তোমাকে এর চেয়ে তিন গুণ বেশি বেতন দেব।’
চেলসি মালিকের টাকাটা জলে যায়নি। পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই ৩৪ ম্যাচে করলেন ৯ গোল৷ জায়গা পান লিগের মৌসুম সেরা একাদশেও। এবার সেই পারফরম্যান্স ছাড়িয়ে আরও উজ্জ্বল তিনি। ৩৫ ম্যাচে ১৪ গোল, পেয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।
জাতীয় দলের হয়ে পারফরম্যান্সটা অবশ্য ঠিক ক্লাবের মতো উজ্জ্বল নয়। ২০০৮ সালে দেশের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন মাত্র ৫টি। কিন্তু বেলজিয়ান এই মিডফিল্ডারের সামর্থ্য জানা আছে বলেই তাঁর কাছে প্রত্যাশাটা বেশি কোচ মার্ক উইলমটসের, ‘জাতীয় দলের হয়ে তার পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ করতে হবে। এখন সে কী অবস্থায় আছে? দেশের হয়ে পাঁচটা মাত্র গোল, যার দুটি আবার পেনাল্টিতে। ওর মানের ফুটবলারের জন্য এটুকু যথেষ্ট নয়। আমি তো ওর মতো প্রতিভাবান ছিলাম না, তবু আমার গোল ওর চেয়ে বেশি।’
হ্যাজার্ড কি পারবেন কোচের আশা পূরণ করতে? ওয়েবসাইট।