‘আমরা চোকার নই’, ‘আমরা চোকার নই’...বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্সরা তো বলেছেনই, এবার ইয়োহান বোথার দাবি, ‘গত তিনটি বিশ্বকাপই জিতেছে অস্ট্রেলিয়া। অন্য দলগুলোকে ফিরতে হয়েছে খালি হাতে। তা হলে শুধু আমরা চোকার হব কেন?’ যত দিন চাপের মুখে ভেঙে না পড়ার উদাহরণ রাখতে পারবে, তত দিনই আসলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চোকার শব্দটি যাবে। এবার ফাইনালে উঠলে হয়তো সেটি ঘুচবে। কিন্তু এটা ঘটনা, লক্ষ্য নিয়ে কথা বলতে গেলেই দক্ষিণ আফ্রিকানদের সামনে অনিবার্যভাবে কথাটা তোলা হয়, ‘ও তোমরা তো চোকার।’এই অপবাদ ঝেঁটিয়ে বিদায় করতে কী করা দরকার দক্ষিণ আফ্রিকার? উপমহাদেশের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া প্রথম কাজ। আর তাই পেস-প্রধান দল হলেও উপমহাদেশের স্পিন-সহায়ক উইকেটে স্পিন আক্রমণই সাজাচ্ছেন স্মিথরা। দলে রাখা হয়েছে তিন স্পিনার। এই তিন স্পিনারের একজন ইয়োহান বোথা বলছেন, বিশ্বকাপের কয়েকটি ম্যাচে আমাদের দলে খেলতে পারেন তিন স্পিনারই।রবিন পিটারসন এবং পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির এবং তিনি নিজে—তিনজনেরই পাওয়ার প্লেতে বল করার সামর্থ্য আছে। বোথার কথা, ‘আমি সামনের দিকে তাকিয়ে আছি, কিছু ম্যাচে তিন স্পিনারই খেলবে। অবশ্যই এটা উইকেটের ধরন এবং দলের কম্বিনেশন অনুযায়ী হবে। ভালো দিক যে আমরা তিনজনই পাওয়ার প্লেতে বোলিং করতে পারি।’উপমহাদেশের ধীরগতির উইকেটের কারণেই যে স্পিনের প্রতি এই বাড়তি গুরুত্ব, বোথা স্বীকার করেছেন সেটাও, ‘দক্ষিণ আফ্রিকায় স্পিন করাটা কঠিন। কিন্তু এখানে স্পিনটা বেশি সহায়ক। কাজেই আমরা আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারি।’ ভারতে বেশি বেশি উইকেট নেওয়ার সুযোগও দেখছেন বোথা। লক্ষ্য অবশ্যই শিরোপা। যদিও অতীতের কথা মনে করে এখনই অতদূর ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক, ‘২০০৩ ও ২০০৭ সালে আমরা ছিলাম ফেবারিট। এই সময়ে মানুষের (দেশের) প্রত্যাশাটা বেশি নয়। তবে আমরা বিশ্বাস করি, আমরা টুর্নামেন্টে অনেক দূর যেতে পারি। প্রথমে আমাদের প্রয়োজন নকআউট রাউন্ডে জায়গা করে নেওয়া। এরপর যদি কয়েকটি ভালো ম্যাচ খেলতে পারি, শেষ পর্যন্ত আমরা ট্রফি সঙ্গে নিয়ে যেতে পারব।’ফেবারিট প্রসঙ্গে ডানহাতি এই স্পিনার বলেছেন, ‘অনেক দলই ফেবারিট। ভারত আছে, অস্ট্রেলিয়া আছে। শ্রীলঙ্কাও ভালো দল। আমরা আমাদের কাজটা করতে পারি। আমাদের প্রথম লক্ষ্য কোয়ার্টার ফাইনালে যাওয়া। এরপর কয়েকটা ভালো ম্যাচ খেলতে পারলে যেকোনো কিছুই ঘটতে পারে।’ বিশ্বকাপের আগে আগে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ৩-২-এ সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বোথা বলছেন, ওই সিরিজ দিয়ে তাদের প্রস্তুতিটা হয়েছে দুর্দান্ত। ওয়েবসাইট।