এবার বোমা ফাটালেন লসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান দলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি তুলে এনে বোমা ফাটিয়েছিল ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। এবার বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক কোচ জিওফ লসন। পছন্দের খেলোয়াড়কে দলে না নিলে একবার লসনের মেয়েকে নাকি অপহরণ করার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের এক নির্বাচক!২০০৭ সালের জুলাই থেকে ২০০৮ সালের অক্টোবর—এই ১৫ মাস পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জিওফ লসন। পাকিস্তানের মিডিয়া বা বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বড় ধরনের কোনো বিতর্কে জড়াতে দেখা যায়নি তাঁকে। তবে পাকিস্তানের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা যে লসনের জন্য সুখকর ছিল না, বলতে গেলে বিভীষিকাময় ছিল, তা স্পষ্ট হলো এবার।ব্রিটিশ দৈনিক সানকে দেওয়া সাক্ষাত্কারে লসন বলেন, ‘পাকিস্তানের দায়িত্ব পালন করার সময় অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আমাকে। এক ম্যাচের আগে দলের অধিনায়ক আমাকে তাঁর কক্ষে ডেকে নেওয়ার ঘটনাটি কখনোই ভুলতে পারব না আমি।’ঘটনার বিবরণ দিয়ে লসন বলেন, ‘সেদিন সকালে একজন ক্রিকেটার, যাঁকে আমরা দলে রাখিনি, আমাকে এসে বলে, কালকের ম্যাচ খেলছি আমি। আমি তাঁকে বলি, তুমি খেলছ না, নিশ্চয়ই কেউ তোমাকে ভুল তথ্য দিয়েছে। সেদিন সন্ধ্যায় অধিনায়ক আমাকে তাঁর কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি, ক্রুদ্ধ মুখে একজন নির্বাচক বসে আছেন। সেই নির্বাচক আমাকে বলেন, যাকে দলে নেওয়া হয়নি, সেই খেলোয়াড়কে আগামী কালের ম্যাচে রাখতে হবে, না হলে তোমার মেয়েকে অপহরণ করা হবে। কোনো দিনই আর মেয়ের মুখ দেখতে পারবে না।’এরপর লসন বলেন, ‘এ ঘটনায় প্রথমে আমরা দুজনই হেসে ফেলেছিলাম। কিন্তু পরক্ষণেই বুঝতে পারি, সিরিয়াসভাবেই হুমকিটা দিয়েছেন সেই নির্বাচক। বোর্ড প্রেসিডেন্ট বিষয়টি ফোনে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে জানান। কয়েক দিন পর শুনি, বিষয়টি সমাধান হয়ে গেছে।’