এবার ব্যাটসম্যান পেরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহাম ফোর্ড এখন নিজেকে পাকা জহুরি দাবি করতেই পারেন। ওয়ানডে স্পেশালিস্টের তকমা লেগেই গিয়েছিল থিসারা পেরেরার গায়ে। কিন্তু কদিন আগে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচ ঘোষণা করলেন, টেস্ট দলেও সম্পদ হতে পারেন পেরেরা। কোচের বিশ্বাস বুঝি জাদুমন্ত্রের মতো কাজ করল। আগের ৫ টেস্টে উইকেট ছিল ৭টি, সর্বোচ্চ রান ৩০। সেই পেরেরার হাত ধরেই এখন পাল্লেকেলে টেস্টের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতে।বল হাতে ধসিয়ে দিয়েছিলেন পাকিস্তানের টপ অর্ডার। কাল ৮ নম্বরে নেমে খেললেন ৭৫ রানের দারুণ এক ইনিংস। দলকে এনে দিলেন ১১১ রানের লিড। ২৩ বছর বয়সী অলরাউন্ডারের কল্যাণেই তিন বছর পর সিরিজ জয়ের আশা আরও উজ্জ্বল হলো শ্রীলঙ্কার। আর দুবছর পর পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে সিরিজ পরাজয়।এটিকে বলতে পারেন, পাকিস্তানের ক্যাচ ফেলার খেসারত। ৪৭ রানে ‘জীবন’ পেয়েছেন সামারাবীরা, ১১ ও ২২ রানে পেরেরা। এই দুজনের দুটি জুটিই এগিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। দলের প্রয়োজনে আরও একবার চওড়া থিলান সামারাবীরার ব্যাট। সঙ্গী পেয়েছিলেন আগের দুই টেস্টে নিষ্প্রভ থারাঙ্গা পারানাভিতানাকে। চতুর্থ উইকেটে দুজনের ১৪৩ রানের জুটি, প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮।দুজনকেই ফিরিয়েছেন সাঈদ আজমল। নতুন স্পেলে ফিরে দ্বিতীয় বলেই ম্যাথুসকে তুলে নেন জুনাইদ। সকালের সেশনে আগুন ঝরিয়েও উইকেট পাননি বাঁহাতি পেসার। পরে ম্যাথুস আর অসাধারণ এক ইনসুইঙ্গারে পেরেরার স্টাম্প উপড়ে টানা দ্বিতীয় টেস্টে পেয়েছেন ৫ উইকেট। তবে সর্বনাশ যা করার, এর আগেই করে ফেলেছেন পেরেরা। টি-টোয়েন্টি-ওয়ানডের খ্যাপাটে পেরেরা কাল দেখিয়েছেন নিয়ন্ত্রিত ঝড়। অষ্টম উইকেটে কুলাসেকেরাকে নিয়ে গড়েছেন ৮৪ রানের মহামূল্য জুটি। আদনান আকমলের চোটের কারণে ১০০ ওভার কিপিং করার পরই আবার ব্যাট হাতে নামতে হয়েছে তৌফিক উমরকে। ফিরেও গেছেন দ্রুত। ৯ উইকেট হাতে নিয়ে পাকিস্তান পিছিয়ে ৮৪ রানে। তথ্যসূত্র: ওয়েবসাইট।