এবার ব্যাটসম্যানদের পালা
মধ্যাহ্নবিরতির আগেই শ্রীলঙ্কার ইনিংসের ইতি টেনে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন সকালে সোহাগ গাজী ২টি, আবুল হাসান ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট তুলে নিলে শ্রীলঙ্কা অলআউট হয় ৩৪৬ রানে। টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাত্র দ্বিতীয়বারের মতো অলআউট হওয়ার আগে লঙ্কানদের লিডটা মন্দ নয়—১০৬ রানের। এখন কলম্বো টেস্টকে প্রতিদ্বন্দ্বিতার রঙে রাঙাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসটা যে বাংলাদেশের জন্য সব সময়ই শঙ্কার!বাংলাদেশের বোলাররা প্রায় সবাই শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সফল। উইকেট পেয়েছেন শীর্ষ বোলারদের প্রায় সবাই। সোহাগ গাজীই সবচেয়ে সফল; উইকেটের বিচারে। ১১১ রানে তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট। রবিউল ইসলাম, রুবেল হোসেন, আবুল হাসান—প্রত্যেকেই দখলে নিয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট গেছে মাহমুদউল্লাহর ঝুলিতে।বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা হয়েছিলেন কুমার সাঙ্গাকারা। প্রায় দেড় দিন ব্যাটিং করে ২৮৯ বল খেলে ১৩৯ রান করে তিনি ফিরেছেন আজ সকালে। সাঙ্গাকারার ঘাতক আবুল হাসান। হাসানের বল সাঙ্গাকারার ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় মুশফিকের গ্লাভসে। এই ইনিংসে সাঙ্গাকারার যোগ্য সঙ্গী ছিলেন দীনেশ চান্দিমাল। তাঁর অসামান্য গুরুত্বপূর্ণ সেঞ্চুরিটি না হলে হয়তো শ্রীলঙ্কার লিড ১০০ ছাড়াত না। দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে কমপক্ষে ৪০০ রানই কেবল কলম্বো টেস্টে হার থেকে বাঁচাতে পারে বাংলাদেশকে। ৪০০ রান করার সামর্থ্য বাংলাদেশের আছে। এখন কেবল প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলিয়ে নেওয়ার পালা।