এবার ব্রাদার্সের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন পরপরই ওয়ালটন মহানগর মহিলা ফুটবল লিগের সূচি বদলাতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। কদিন আগে লিগ থেকে নাম প্রত্যাহার করেছিল ঢাকা ওয়ান্ডারার্স। কাল বাফুফে জানিয়েছে, ব্রাদার্স ইউনিয়নও নাকি সরে দাঁড়িয়েছে। তাই এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জ ও ব্রাদার্স ম্যাচ হয়নি।আট দলের লিগ এখন পরিণত ছয় দলে। ‘খ’ গ্রুপের দুটি দল ওয়ান্ডারার্স ও ব্রাদার্স সরে দাঁড়ানোতে এখন এই গ্রুপ থেকে সরাসরি সেমিফাইনালে খেলবে মোহামেডান ও ফরাশগঞ্জ। লিগ শুরুর পর এভাবে সরে দাঁড়ানো কতটুকু যৌক্তিক?ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান বলছেন, ‘খেলোয়াড় স্বল্পতা ও প্রস্তুতির অভাবে আমরা লিগে অংশ নিতে পারছি না। তবে আমরা না খেলার ব্যাপারটা ৪ অক্টোবরই বাফুফেকে জানিয়ে দিয়েছি। এর পরও তারা ফিকশ্চারে আমাদের রেখেছে কেন বুঝলাম না।’বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তারের কথা, ‘ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কয়েকজন খেলোয়াড় নিয়ে বেশ কয়েক দিন অনুশীলন করেছে ব্রাদার্স। আসলে এসব না খেলার অজুহাত। ফেডারেশনে দু-তিনজন আছেন, যাঁরা চান না এই লিগটা ভালোভাবে হোক। আমরা যাতে মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে না পারি, সে জন্য এটা একটা ষড়যন্ত্র। আমরা ছয় দল নিয়েই লিগ চালাব।’