এবার ভুল করতে চায় না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিটাই বলে দিল তিনি কথা বলতে রাজি নন। হোটেল লবি দিয়ে দ্রুত হেঁটে মুশফিকুর রহিম বেরিয়ে গেলেন কোনো গন্তব্যে।তৃতীয় ওয়ানডেতে হার সিরিজ জয়ের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে। আজ বা আগামীকালের কোনো একটি ম্যাচে কি সফল পরিসমাপ্তি ঘটবে সে অপেক্ষার? মুশফিক কতটা আশাবাদী জানা গেল না। সংবাদমাধ্যমের সামনে আশার বেলুন না ফুলিয়ে তিনি হয়তো চাচ্ছেন একবারে বিজয়মাল্য গলায় পরে আসতে।কাল অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। মুশফিকের মতো কেউ কেউ টুকটাক কাজ সারতে বাইরে গেছেন। বাকিরা হোটেলেই ছিলেন। জিম-সুইমিংও ছিল ঐচ্ছিক। তবে ছুটির এই দিনেও লক্ষ্যের কথা ভুলে যাননি ক্রিকেটাররা। প্রথম দুই ম্যাচেই জেতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে দর্শক-সমর্থকদের আগ্রহটা কোন পর্যায়ে পৌঁছেছে, সেটি তাঁরা ভালোই জানেন। জানেন, সিরিজ জয়ের স্বপ্নে বিভোর এখন পুরো দেশ।দলের নবীন সদস্য এনামুল হকের আফসোস, স্বপ্নপূরণ তৃতীয় ওয়ানডেতেই হয়ে যেতে পারত! তাঁর ব্যক্তিগত ময়নাতদন্ত বলছে, ম্যাচের ভাগ্যনির্ধারক হয়ে গিয়েছিল আসলে টস, ‘আমরা যদি আগে বল করতে পারতাম, তা হলে ওদের ১৫০ রানের মধ্যেও অলআউট করে দিতে পারতাম। উইকেটে তখন যে রকম টার্ন-বাউন্স ছিল!’জাতীয় দলে প্রথম এসেছিলেন গত এশিয়া কাপে। সেবার খেলার সুযোগ না হলেও এবার গায়ে মাখছেন জাতীয় দলের আসল রোমাঞ্চ, ‘না খেললে আসলে বোঝা যায় না। এখন খেলে বুঝতে পারছি, দলের সবাই কতটা সমর্থন করছে আমাকে। তামিম ভাইয়ের সঙ্গে ব্যাট করা তো অসাধারণ অভিজ্ঞতা। উনি যেভাবে জায়গায় দাঁড়িয়ে শট খেলেন, অন্য প্রান্তে দাঁড়িয়ে লজ্জাই লাগে।’ প্রথম ম্যাচে তামিমের দেওয়া একটা টোটকা আজীবন মনে রাখতে চান এই ওপেনার, ‘তামিম ভাই বলেছেন, সামনে বল পেলেই ছক্কা মেরে দিবি। কথাটা সারা জীবন মনে রাখব।’জাতীয় দলের আরও দুই নতুন মমিনুল আর সোহাগ গাজীর সময়টাও এনামুলের মতোই উপভোগ্য কাটছে। শুধু দলে আছেন বলে নয়, পারফরম্যান্স দিয়ে অবদান রাখতে পারছেন বলেই উপভোগের মাত্রাটা বেশি।মমিনুল ব্যাটসম্যান হিসেবে দলে এসেছেন, দলের জন্য অবদানও রাখতে চান ব্যাটসম্যান হিসেবেই। কিন্তু প্রথম ম্যাচে সুযোগ পাননি ব্যাটিংয়ের। দ্বিতীয় ম্যাচে যে সময় নেমেছিলেন, বেশি কিছু করার সুযোগ ছিল না। আর গত ম্যাচে সুযোগ থাকলেও পারেননি। সে জন্য আফসোস আছে, ‘বলটা বুঝতে ভুল করে ফেলেছিলাম। একটু আগে খেলে ফেলেছিলাম। উইকেটে একটু টার্ন ছিল ঠিক, কিন্তু আমরা তো সব সময় টার্নিং উইকেটেই খেলি। এসব উইকেটে একটু পেছনে পেছনে (ব্যাকফুটে) খেললে ভালো।’ভুল শুধরে একাই একটা ম্যাচ জেতানোর স্বপ্ন দেখেন মমিনুল। সেই ম্যাচ আজ বা কালই আসুক না! স্বপ্নটা অত নির্দিষ্ট করে না দেখলেও বলছেন, ‘সিরিজ জেতার আশা এখনো আমাদের আছে। কালকের (পরশু) ম্যাচটা দুর্ভাগ্যক্রমে হেরে গেছি। আগামীকাল (আজ) যে ম্যাচটা হবে, ইনশা আল্লাহ, আমরা জেতার চেষ্টাই করব।’পরশু হারার পর ২০-২৫ রান কম হওয়ার আফসোস করেছিলেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। টিম মিটিংয়ের আলোচনায়ও বারবার উঠে এসেছে এ বিষয়টাই। সঙ্গে আরেকটা বিষয়, বাকি দুই ম্যাচে গেম প্ল্যান বাস্তবায়নে ব্যর্থ হওয়া যাবে না। অফ স্পিনার সোহাগ গাজী দলের এ ভাবনাটাই তুলে ধরলেন, ‘যে রকম পরিকল্পনা করা আছে, পরের ম্যাচে সেই অনুযায়ী এগোতে হবে। মূল কথা হলো, সিরিজ জিততেই হবে।’সিরিজে বাংলাদেশের দাপটের বড় কারণ ক্রিস গেইলের ক্রিস গেইল হয়ে উঠতে না-পারা। সোহাগেরই তাতে বড় অবদান। মজার ব্যাপার হলো, যে গেইলকে এই সিরিজের আগে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল বাংলাদেশ দল, সেই গেইলই নাকি এখন ভয় পাচ্ছেন সোহাগকে! পর্যবেক্ষণটা সোহাগেরই, ‘জাতীয় দলে খেললে বড় বড় ব্যাটসম্যানকে বোলিং করতেই হবে। বড় বড় বোলারের বল খেলতে হবে। কিন্তু এখন হয়তো বা গেইলই চাচ্ছে না আমার বল খেলতে। আমি চাই, এ জিনিসটা ধরে রাখতে। ওর ভেতরে যে জিনিসটা কাজ করছে, সেটা যেন থাকে।’সোহাগের বিশ্বাস, গেইলের দুর্বলতার খোঁজ তিনি পেয়ে গেছেন। সে কারণেই দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই সোহাগকে বোলিংয়ে আসতে দেখে দ্রুত প্রান্ত বদলে ফেলেন গেইল। কিন্তু সোহাগ চাচ্ছেন গেইলের মুখোমুখি হতে, ‘আমি তো অবশ্যই চাই ও আমাকে খেলুক। আমি ওর দুর্বল দিকটা ধরতে পেরেছি। এ জন্যই ও আমাকে খেলতে চাইছে না। ও যখন আমার বল খেলতে চাইছে না, তার মানে ওর কোনো সমস্যা হচ্ছে। এ জন্য আমি চাচ্ছি আমার বল আরও বেশি করে খেলুক।’ওয়েস্ট ইন্ডিজকে কতভাবেই না চ্যালেঞ্জ জানাচ্ছে বাংলাদেশ! একটা চ্যালেঞ্জ আছে নিজেদেরও। তৃতীয় ম্যাচে পরাজয়টা ভুলে গিয়ে সিরিজ জয়ের চ্যালেঞ্জ।