এবার ভুল করেনি দ. আফ্রিকা
২০০৩ বিশ্বকাপের কিংসমিড যেন ফিরে এসেছিল ব্লুমফন্টেইনে। আবারও দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, আবার বৃষ্টি, বল-রানের টানাপোড়েন, আবারও হতাশা আর উচ্ছ্বাসের কোলাজ। তবে এবার বদলে গেল মূল ছবিটিই। হিসাবের গোলমাল করে সেবার ম্যাচ ‘টাই’ করে দেশের মাটিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। পরশু হিসাবে কোনো গোলমাল করেননি এবি ডি ভিলিয়ার্স। লঙ্কানদের হতাশ করে এবার দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের উৎসবে মাতল প্রোটিয়ারা। অধিনায়ক ডি ভিলিয়ার্সের যাত্রা শুরু হলো সিরিজ জয় দিয়ে। আর তিলকরত্নে দিলশান অধিনায়ক হওয়ার পর টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হারল শ্রীলঙ্কা।পরশু শেভ্রলে পার্কে যখন বৃষ্টি পড়তে শুরু করেছে, তখনো পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ২৬৭ রান তাড়া করতে নেমে ৩৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১৭১। তখনই ম্যাচ শেষ হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারতে হতো ১ রানে। ৩৪ ওভার শেষে ৫ উইকেট হাতে নিয়ে লক্ষ্যটা দাঁড়ায় ১৭৫। মালিঙ্গার ওভারের প্রথম বলেই ডি ভিলিয়ার্স নিলেন ২ রান, পরের দুই বলে দুটি সিঙ্গেল। পরের বলটি ওয়াইড, দক্ষিণ আফ্রিকা ১৭৫! এরপর প্রয়োজন ছিল স্রেফ উইকেট না হারানো। উইকেট পড়েনি, উল্টো তিন বলে এসেছে আরও তিনটি সিঙ্গেল। ওভার শেষ হতে হতেই বৃষ্টির বেগ বাড়ল, একটু পর তো শুরু হলো বজ্রসহ বৃষ্টি। ম্যাচেরও সমাপ্তি ওখানেই, দক্ষিণ আফ্রিকা জিতল ৪ রানে!অথচ ম্যাচের বেশির ভাগই ছিল শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে। ২৬৬ রান তোলার পর ৫৩ রানেই তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট। ৪ নম্বরে প্রমোশন পাওয়া অলরাউন্ডার ফ্যাফ ডু প্লেসিসের ৭২ লড়াইয়ে ফেরায় স্বাগতিকদের। ম্যাচে তার পরও ভালোভাবেই ছিলেন দিলশানরা। ১৬ ওভারে ৮৭ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার, ডি ভিলিয়ার্সকে ফেরাতে পারলেই ম্যাচ হেলে পড়ত শ্রীলঙ্কার দিকে। অধিনায়ক দিলশান দুষলেন ভাগ্যকেই, ‘সবকিছুই এখন আমাদের বিপক্ষে যাচ্ছে। এই ম্যাচটা জয়ের ভালো সম্ভাবনা ছিল আমাদের, কিন্তু বৃষ্টিকে তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না!’ ওয়েবসাইট।এ ধরনের পরিস্থিতিতে আগে বহুবার খেই হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। পরশু পথ হারায়নি তারা অধিনায়কের ৩৬ বলে অপরাজিত ৩৯ রানের সময়োপযোগী ইনিংসটার কারণে। কিন্তু ডি ভিলিয়ার্স কৃতিত্ব দিলেন তরুণ দলকে, ‘ম্যাচটা মোটামুটি ব্যালান্সড অবস্থায় ছিল, আমি খুশি যে, শেষ পর্যন্ত ফলাফল আমাদের পক্ষে এসেছে। ছেলেদের পারফরম্যান্সে আমি গর্বিত। আমাদের পারফরম্যান্স ছিল পরিণত, বেশ কয়েকজন তরুণ দলে এসে অভিজ্ঞদের মতো খেলেছে।’সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল, কিম্বার্লিতে।