এবার মাঠেই উদ্যাপন রুবেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস নিশামকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে পুরো করলেন হ্যাটট্রিক। বোলার রুবেলের সঙ্গে আনন্দে নেচে উঠল পুরো বাংলাদেশ শিবিরই  শামসুল হক
জেমস নিশামকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে পুরো করলেন হ্যাটট্রিক। বোলার রুবেলের সঙ্গে আনন্দে নেচে উঠল পুরো বাংলাদেশ শিবিরই শামসুল হক

আম্পায়ার এনামুল হকের তর্জনী উঠতে দেখেই ছুটলেন সতীর্থদের দিকে। দু-একজনের সঙ্গে হাই ফাইভের পরই বুঝি মনে হলো, এটুকু যথেষ্ট নয়। দুহাত ছড়িয়ে দিলেন ভোঁ দৌড়, তাঁকে আর পায় কে! এমন বাঁধনহারা, এমন দুরন্ত রুবেল হোসেনকে আর কবে দেখা গেছে!
স্মৃতির ডানায় ফিরে যেতে হবে তিন বছর আগে। সেটিও ছিল অক্টোবর, প্রতিপক্ষ ছিল এই নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ চার বলে ৪ রান প্রয়োজন ছিল কিউইদের। এই মিরপুরেই কাইল মিলসকে বোল্ড করে এক হাত উঁচিয়ে রুবেলের দৌড়ের ছবি স্থায়ী জায়গা পেয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট আর্কাইভে। ওই বোল্ডেই নিশ্চিত হয়েছিল ‘বাংলাওয়াশ’। ক্যারিয়ার-সেরা (৪/২৫) বোলিংয়ে সেদিন ম্যাচ-সেরা হয়েছিলেন। কাল আবার সেই নিউজিল্যান্ডকে পেয়ে সব দিক থেকেই নিজেকে ছাড়িয়ে গেলেন রুবেল—বোলিংয়ে, উইকেট সংখ্যায়, এমনকি উদ্যাপনেও!

মাস দেড়েক আগে হ্যাটট্রিক করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। দুই ওভারে ছড়িয়ে ছিল বলে তখন নিজেও বুঝতে পারেননি টানা তিন বলে নিয়েছেন উইকেট। নিজের হ্যাটট্রিকের খবরই জেনেছিলেন পরদিন সাংবাদিকদের কাছ থেকে! কে জানত, তখন মাঠে হ্যাটট্রিক উদ্যাপন করতে না পারার আক্ষেপ ঘোচাবেন এভাবে! কে ভাবতে পেরেছিল, রুবেলের জন্য অপেক্ষা করছে আরও বড় মঞ্চ, আরও বড় উপলক্ষ! ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, রুবেলের হাতে বল তুলে দেওয়ার সময় তিনি নিজেও এতটা আশা করেননি। রুবেল নিজেই কি করেছিলেন!

বাংলাদেশের যখন একটি উইকেট বড় প্রয়োজন, ওই হ্যাটট্রিকে একটির বদলে তিনটি উইকেট নিয়ে নিলেন রুবেল। বৃষ্টির আগে বোলিংয়ে এসেই রস টেলরকে আউট করে সরিয়েছেন বড় একটি বাধা। ওয়ানডে উইকেটের ফিফটিও হয়েছে এতেই। মাইলফলক ছোঁয়ার সেটা কেবল শুরু। দ্বিতীয় স্পেলে যখন বল হাতে পেলেন, একটি উইকেট তখন দলের চাই-ই। আগের তিন ওভারে ৩৮ রান নিয়েছেন কোরি অ্যান্ডারসন ও গ্রান্ট এলিয়ট।
বৃষ্টির পর ওভারপ্রতি প্রায় ১০ রানের লক্ষ্য তখন নেমে এসেছে সাড়ে আটে। তখনই আক্রমণে ফিরে আবারও প্রথম ওভারেই উইকেট। বোল্ড করলেন বাংলাদেশের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার হুমকি হয়ে ওঠা কোরি অ্যান্ডারসনকে। পরের বল ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট হয়ে পয়েন্টে অতিরিক্ত ফিল্ডার শামসুর রহমানের হাতে। হ্যাটট্রিকের সুবাস পাওয়ার উত্তেজনাতেই হয়তো পরের বলটি লেগ স্টাম্পের বাইরে। কিন্তু ক্রিকেট দেবতা যে কাল হাসছিলেন রুবেলের দিকে তাকিয়ে! ওই বলেই গ্ল্যান্স করতে গেলেন জিমি নিশাম। গ্লাভসে চুমু দিয়ে আসা বলকে বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ বানালেন মুশফিকুর রহিম। হ্যাটট্রিক! আর এবার মন ভরে উদ্যাপন করলেন রুবেল।
উদ্যাপনে দুরন্ত হলেও সংবাদ সম্মেলনে বরাবরের মতোই মৃদুভাষী। সব সময়ই এমন মৃদু স্বরে কথা বলেন, যেন মুখের কথা নিজের কানও শুনতে না পায়। বোলিং যতটা বিষ ছড়িয়েছে, প্রতিক্রিয়া ততটাই নিরীহ, ‘অনেক ভালো লাগছে। সব বোলারের ইচ্ছা থাকে এত দর্শকের সামনে, বড় দলের বিপক্ষে ভালো কিছু করা। আজ ভালো বোলিং করেছি, কপালও ভালো ছিল।’

হ্যাটট্রিক-আনন্দে পরে বাড়তি রং ছড়িয়েছে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ২৬ রানে ৬ উইকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ডেও বসালেন ভাগ। যাঁর রেকর্ড ছুঁলেন, সেই মাশরাফির দুর্দান্ত এক ক্যাচেই এল তাঁর ষষ্ঠ উইকেট! অথচ রেকর্ডের কথা তিনি জানতেনও না। সংবাদ সম্মেলনে শুনেও যেন বুঝতে পারছিলেন না। পাশে বসা মিডিয়া ম্যানেজারকে আস্তে করে জিজ্ঞেস করলেন, ‘কে রেকর্ড গড়েছে?’ কীর্তিটা নিজেরই শোনার পর বললেন, ‘ভালো লাগছে। মাশরাফি ভাইয়ের পাশে থাকতে পারাটা দারুণ।’
এমন বোলিং করে গেলে রেকর্ড নিয়ে নিজে না ভাবলেও চলবে। ভাবার লোকের তো অভাব নেই। গতবার শেষ ম্যাচে রুবেল ছিলেন ধবলধোলাই আনন্দের মধ্যমণি। এবার সেই রুবেলের বোলিংয়েই কি শুরু হলো আরেকটি জয়গাথার!
ওয়ানডেতে বাংলাদেশের হ্যাটট্রিক
প্রতিপক্ষ ভেন্যু সাল
শাহাদাত হোসেন জিম্বাবুয়ে হারারে ২০০৬
আবদুর রাজ্জাক জিম্বাবুয়ে মিরপুর ২০১০
রুবেল হোসেন নিউজিল্যান্ড মিরপুর ২০১৩
বাংলাদেশের সেরা ছয় জুটি
উইকেট জুটি প্রতিপক্ষ ভেন্যু সাল
১৭৫* ৪র্থ রাজিন সালেহ-হাবিবুল বাশার কেনিয়া ফতুল্লা ২০০৬
১৭৪ ৩য় এনামুল হক-মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজ খুলনা ২০১২
১৭০ ১ম শাহরিয়ার হোসেন-মেহরাব হোসেন জিম্বাবুয়ে ঢাকা ১৯৯৯
১৬৫* ৪র্থ রকিবুল হাসান-সাকিব আল হাসান জিম্বাবুয়ে মিরপুর ২০০৯
১৬০ ২য় ইমরুল কায়েস-জুনায়েদ সিদ্দিক পাকিস্তান ডাম্বুলা ২০১০
১৫৪ ৪র্থ মুশফিকুর রহিম-নাঈম ইসলাম নিউজিল্যান্ড মিরপুর ২০১৩
ওয়ানডেতে নড়বড়ে নব্বই
প্রতিপক্ষ ভেন্যু সাল
৯৫ শাহরিয়ার হোসেন কেনিয়া ঢাকা ১৯৯৯
৯৪ মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ড ট্রেন্ট ব্রিজ ২০০৫
৯১ শাহরিয়ার নাফীস কেনিয়া বগুড়া ২০০৬
৯২ আফতাব আহমেদ জিম্বাবুয়ে হারারে ২০০৭
৯৮ মুশফিকুর রহিম জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯
৯৭ জুনায়েদ সিদ্দিক পাকিস্তান ডাম্বুলা ২০১০
৯৫ তামিম ইকবাল জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১০
৯৩ ইমরুল কায়েস অস্ট্রেলিয়া মিরপুর ২০১১
৯০ মুশফিকুর রহিম নিউজিল্যান্ড মিরপুর ২০১৩