এবার মামলা পাকিস্তানেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের আদালত যা করার করেছেন। এবার পাপী তিন ক্রিকেটারের বিরুদ্ধে পাকিস্তানেও ফৌজদারি মামলা করার তোড়জোড় শুরু হয়েছে। অপরাধ সংঘটিত হয়েছে লন্ডনে। ফলে মামলা-বিচারও হয়েছে সেখানেই। তবে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির ‘পাকিস্তানের সম্মান ভূলুণ্ঠিত করেছেন’ এই অভিযোগ এনে লাহোরের একটি আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। তিন ক্রিকেটারের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া যায়, আদালত তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষকে।আইনজীবী জুবায়ের বালকানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মুজাহিদ মুস্তাকিম এ রায় দিয়েছেন। ইসলামপুরা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে—ওই তিন ক্রিকেটারের বিরুদ্ধে পাকিস্তানের আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব হলে ফৌজদারি মামলা দায়ের করতে। আদালতের নির্দেশের পর পুলিশ সুপার আনওয়ার খেত্রান বলেছেন, এ ব্যাপারে তাঁরা আইন দপ্তরের পরামর্শ নেবেন, কী করা যায়। লাহোরের হাইকোর্টেও মামলা হয়েছে। আইনজীবী ইশতিয়াক চৌধুরী তিন ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছেন। পুরো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় তিন ক্রিকেটারের বিরুদ্ধে প্রতারণার মামলাও করা যায় বলে জানিয়েছেন ইশতিয়াক।পিসিবিও অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় পিসিবির কোনো কর্মকর্তার কোনো গাফিলতি আছে কি না, তদন্তে সেটাই দেখা হবে। আশরাফ এই বলেও সতর্ক করেছেন, এখন থেকে কোনো অপরাধীই সামান্যতম প্রশ্রয় পাবে না।পরশু সংবাদমাধ্যমকে আমির জানিয়েছিলেন, তাঁর এই পরিণতির জন্য পিসিবিও দায়ী। তাঁকে আগে থেকে দুর্নীতির ব্যাপারে স্বচ্ছ কোনো ধারণা দেওয়া হয়নি। তবে পিসিবি এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার সময়ই আমির আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জেনেছে। পিসিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পরও অনেকবারই এ সংক্রান্ত নানা কোর্সে অংশ নিয়েছেন। এএফপি, ওয়েবসাইট।