এবার মিশন এশিয়ান গেমস
এশিয়ান গেমস বাছাই হকিতে চ্যাম্পিয়নই হতে চেয়েছিল বাংলাদেশ। গত এশিয়া কাপে হারের লজ্জা জুটেছিল যে ওমানের কাছ থেকে, তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দল তাই দারুণ খুশি।
খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠ থেকেই পুরস্কার ঘোষণা করেছিলেন ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী। এর পাশে আরও পুরস্কার তো আছেই, জয়টাকে উদ্যাপন করতে করতে কাল রাতে কক্সবাজার গেছে হকি দল। পুরস্কারের ঝুলিটা বেশ ভারীই হচ্ছে তাদের। ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান অঞ্জনস, অন্যতম পৃষ্ঠপোষক এটিএন বাংলা ও দলের ম্যানেজার জাকি আহমেদ (রিপন) প্রত্যেকেই দিচ্ছেন এক লাখ টাকা করে। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হেলভেশিয়ার পুরস্কার ৫০ হাজার টাকা। এর বাইরে ফেডারেশন তহবিল থেকে তাৎক্ষণিক ঘোষণায় ৯০ হাজার টাকা দেওয়া হয়েছে স্টিক কেনা বাবদ। ইসলামী ব্যাংক এই টুর্নামেন্টের জন্য দিয়েছিল এক কোটি টাকা। এবার বাণিজ্যিক এই ব্যাংকটি হকি দলকে নিয়ে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে।
কোচ নাভিদ আলমের চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন। তবে বাছাইপর্বের এই পারফরম্যান্সের পর তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে, থাকছেন এশিয়ান গেমসেও। পরশু সাবেক এই পাকিস্তানি হকি খেলোয়াড় বড় দলগুলোর সঙ্গে বেশি বেশি প্রীতি ম্যাচ আয়োজনের চাহিদা পেশ করেছেন। অধিনায়ক মামুনুর রহমানও (চয়ন) এটা চান, ‘সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ভারত-পাকিস্তানের মতো দলের সঙ্গে অন্তত ৮-১০টি প্রীতি ম্যাচ খেলতে চাই। এশিয়ান গেমসে আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে অন্তত ষষ্ঠ স্থান পাওয়া।’