এবার মিশ্রে ঘায়েল গেইলরা
টি-টোয়েন্টির শীর্ষ দুই বোলার ওয়েস্ট ইন্ডিজের, দুজনই স্পিনার। সেই দলটাকে কিনা স্পিনেই ঘায়েল করল ভারত! যে উইকেটে মিশ্র-অশ্বিনদের খেলতে গিয়ে ঘাম ছুটে গেল গেইল-স্যামুয়েলসদের, সেখানেই নারাইন আর বদ্রিদের স্বছন্দে খেলে গেলেন কোহলি-শর্মারা।
উইকেটের হিসাবে রবীন্দ্র জাদেজা বেশি সফল, তবে ওয়েস্ট ইন্ডিজের বড় ক্ষতিটা আসলে করেছেন অমিত মিশ্রই। বোলিংয়ে আসার পর প্রথম বলেই ছক্কা খেয়েছেন গেইলের হাতে, পরের বলেই ক্যারিবীয় ব্যাটিং দানবের ক্যাচ পড়তে দেখেছেন যুবরাজের হাত থেকে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স মিশ্রকে যেন টগবগ করে ফোটাচ্ছে আত্মবিশ্বাসে। প্রথম দুই ওভারে ১২ রান দিয়ে উইকেটহীন লেগ স্পিনার তৃতীয় ওভারেই কাঁপিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। পরপর দুই বলে মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভো তাঁর ঘূর্ণির শিকার। স্যামি এসে হ্যাটট্রিক ঠেকিয়েছেন, কিন্তু ধাক্কা সামলাতে গিয়ে দলীয় রানের চাকাটাকে বানিয়েছেন মন্থর। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুই উইকেট মিশ্রর। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টি-টোয়েন্টি, তার মধ্যে সর্বশেষ দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ। দিল্লির স্পিনার যেন আকাশে উড়ছেন, ‘বোলিংয়ে বৈচিত্র্য আনার জন্য আমি নেটে অনেক খেটেছি। সেটার সুফল পাচ্ছি দেখে দারুণ লাগছে।’ পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পরেই জানিয়েছিলেন, তাঁর এই আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার পেছনে ভূমিকা আছে অধিনায়কের। কাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই মহেন্দ্র সিং ধোনি যেন একটু লজ্জিত, ‘আমি শুধু তাকে নিজের খেলাটা খেলে যেতে বলেছি। ওর যেটা শক্তির জায়গা, ফ্লাইট-টার্নের সঙ্গে বৈচিত্র্য, সেটা কাজে লাগাতে বলেছি। পারফরম্যান্সের মূল কৃতিত্ব ওর নিজেরই।’
সব মিলিয়ে ভারতের বোলাররা কাল ওয়েস্ট ইন্ডিজকে বেশ ভুগিয়েছেন বলে স্বীকার করলেন অধিনায়ক ড্যারেন স্যামিও। তবে হার দিয়ে শুরু করা ম্যাচ থেকে খুঁজে নিতে চাইলেন ইতিবাচক দিক, ‘ওরা জিতেছে মাত্র ২ বল বাকি থাকতে। টুর্নামেন্টে পরে নেট রান রেটের হিসাব হলে আমরা খুব বেশি পিছিয়ে থাকব না।’
এ ম্যাচে সম্ভবত এটাই একমাত্র প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজের।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৭ (স্মিথ ১১, গেইল ৩৪, স্যামুয়েলস ১৮, সিমন্স ২৭, ব্রাভো ০, স্যামি ১১, রাসেল ৭, নারাইন ৭*, রামদিন ০*; ভুবনেশ্বর ০/৩, সামি ০/২৭, অশ্বিন ১/২৪, মিশ্র ২/১৮, রায়না ০/৮, জাদেজা ৩/৪৮)। ভারত: ১৯.৪ ওভারে ১৩০/৩ (রোহিত ৬২*, ধাওয়ান ০, কোহলি ৫৪, যুবরাজ ১০, রায়না ১*; বদ্রি ১/২৮, সান্টোকি ০/২৭, নারাইন ০/২০, ব্রাভো ০/১২, স্যামি ০/৯, স্যামুয়েলস ১/২২, রাসেল ১/১২)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অমিত মিশ্র।