এবার মুক্তিযোদ্ধার ফুটবলারদের বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে খেলোয়াড়দের অনুশীলন বর্জন পুরোনো এক ক্ষত। চুক্তিবদ্ধ টাকার দাবিতে অনেক ক্লাবেই এই ঘটনা হররোজ ঘটছে। সম্প্রতি বেতনের দাবিতে অনুশীলন বর্জন করেছিলেন মোহামেডানের ফুটবলাররা। এবার চুক্তিবদ্ধ পাওনা পেতে একই পথ বেছে নিয়েছেন মুক্তিযোদ্ধার স্থানীয় সব খেলোয়াড়। গত দুই দিন তাঁরা অনুশীলন করেননি। তবে মুক্তিযোদ্ধার বিদেশি খেলোয়াড়েরা অনুশীলন চালিয়ে যাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযোদ্ধার এক ফুটবলার কাল ক্ষোভের সঙ্গে বললেন, ‘আমরা চুক্তির ৪০-৫০ ভাগ টাকা পেয়েছি। বাকি টাকা দেওয়ার তারিখ বারবার দেওয়া হলেও ক্লাব কথা রাখেনি। কাজেই নিরুপায় হয়ে আমরা অনুশীলন বর্জন করছি। সমস্যার সমাধানে কর্মকর্তাদের কোনো উদ্যোগও নেই। এটা খুবই হতাশার।’জানা গেছে, লিগের দ্বিতীয় পর্ব থেকেই কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড়দের টানাপোড়েন চলছে। প্রভাব পড়ছে মাঠেও। প্রথম পর্বে যেখানে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা, দ্বিতীয় পর্বে ৬ ম্যাচে পেয়েছে মাত্র ২ পয়েন্ট। বর্তমান অচলাবস্থা চলতে থাকলে মুক্তিযোদ্ধার অবস্থা আরও খারাপের দিকেই যাবে বলছেন খেলোয়াড়েরা।এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব এমদাদ হোসেন সমস্যার সমাধানে আশাবাদী, ‘আমরা খেলোয়াড়দের বলেছি টাকা দেব। ক্লাবের ক্রীড়া তহবিলে টাকা নেই। টাকা সংগ্রহ করে আমরা সমস্যার সমাধান করব। খেলোয়াড়েরা রাগ করে অনুশীলনে যায়নি, এটা আমি শুনেছি। এটা ঠিক হয়ে যাবে আশা করছি।’ কোচ শফিকুল ইসলাম পড়েছেন বেকায়দায়। তিনি এ বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি। এটুকু বলেছেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত। এমন অবস্থা কোনোভাবে কাম্য নয়।’