এবার মুখ খুললেন চন্দরপল
বোর্ডের এক প্রস্থ সমালোচনা আগেই করেছেন ক্রিস গেইল। এবার তাঁকে অনুসরণ করলেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়া তিন সিনিয়রের একজন, শিবনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) প্রধান আর্নেস্ট হিলাইরের মন্তব্যের সমালোচনা করলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। এক দশক ধরে ওয়েস্ট ইন্ডিজ দলে শৃঙ্খলা নেই, খেলোয়াড়দের দলের প্রতি নিবেদন নেই বলেই যে মন্তব্য করেছেন হিলাইরে, চন্দরপল তারই জবাব দিয়েছেন বোর্ডকে চিঠি লিখে। চিঠিতে খেলোয়াড়দের নয়, বোর্ড কর্তাদের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি, ‘আপনি ৯০ দশকের মাঝামাঝি সময়ের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের দিকে তাকান, যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সবই ভেঙে পড়েছে। কোনো শৃঙ্খলা নেই, আত্মনিবেদন নেই। ১৫ বছর ধরে আমরা এটাই করে আসছি এবং এতে আমাদের ক্ষতি হচ্ছে।’ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট প্রক্রিয়াটা দ্রুতই বদলে ফেলার আহ্বানও জানিয়েছেন তিনি, ‘আমাদের প্রয়োজন নতুন প্রক্রিয়া। দলের চেয়ে ব্যক্তি বড় হতে পারে না।’পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য তিন সিনিয়র ক্রিকেটার ক্রিস গেইল, চন্দরপল ও রামনরেশ সারওয়ানকে বাদ দেয় ডব্লুআইসিবি। ধরে নেওয়া হচ্ছে এরই প্রতিবাদে টেস্ট খেলবেন না জানিয়ে আইপিএল খেলতে চলে এসেছেন গেইল। তার পর থেকেই বোর্ড এক রকম ব্যাখ্যা দিচ্ছে তো গেইল দিচ্ছেন আরেক রকম। এরই ধারাবাহিকতায় ‘লাইন অ্যান্ড লেন্থ নেটওয়ার্ক’কে দেওয়া সাক্ষাৎকারে আর্নেস্ট হিলাইরে সিনিয়রদের সমালোচনা করে বলেন, কোনো কোনো শৃঙ্খলা নেই, ক্রিকেটারদের কোনো আত্মনিবেদন নেই। ওয়েবসাইট।