এবার মেইঞ্জ রূপকথা
বুন্দেসলিগার বুঝি রূপকথা রচনা করারই খেয়াল! কয়েক বছর আগে শালকে জিরো ফোর এল রূপকথার মতো। এর পর রচিত হয়েছে হফেনহেইম-রূপকথা। জার্মানির বুন্দেসলিগা এবার দেখছে মেইঞ্জ-রূপকথা। যে দলটি বুন্দেসলিগায় এখনো নিয়মিতই নয়, এমন একটি দল কিনা জায়গা করে নিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। তবে পরশুই সবচেয়ে বড় বিস্ময়টা উপহার দিল মেইঞ্জ। গতবারের চ্যাম্পিয়ন এবং সর্বোচ্চ ২২ বার বুন্দেসলিগাজয়ী বায়ার্ন মিউনিখকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টিয়ান নার্লিঙ্গার তো হতাশা আর চেপেই রাখতে পারেননি। ‘এটা বেদনাদায়ক এক পারফরম্যান্স’—পরাজয়ের দায়টা তিনি চাপালেন নিজের দলের ওপরই। কোচ লুইস ফন গল অবশ্য প্রশংসা করলেন মেইঞ্জের, ‘মেইঞ্জ ভালো খেলেছে।’ আর মেইঞ্জের কোচ টমাস টাসেল বললেন, ‘এই দলটিকে নিয়ে আমি গর্বিত।’বায়ার্ন খারাপ খেলেছে, অথবা মেইঞ্জ খুব ভালো খেলেছে; সেটা যা-ই হোক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাত্রই ২০০৪ সালে বুন্দেসলিগায় জায়গা পাওয়া একটি দল যেভাবে এগিয়ে চলছে সেটা নিখাদ রূপকথাই। আর এই রূপকথা রচনার পথে তারা পরশু বায়ার্নকে উপহার দিয়েছে বড় লজ্জা। পরশুর পরাজয়ে ১৯৭৭-৭৮ মৌসুমের পর এবারই লিগে সবচেয়ে বাজে শুরু হলো জার্মানির সেরা ক্লাবটির।৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে এখন বায়ার্ন। শীর্ষে থাকা মেইঞ্জের পয়েন্ট ১৮। এএফপি।