এবার মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

ব্রাজিলে সোনার জুতা জিতবেন কে?
এখনি উত্তর দেওয়া কঠিন। তবে অনুমান করাই যেতে পারে এবং আমার প্রথম নামটিই এবার লিওনেল মেসি।
গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে মেসিরও আগে রেখেছিলাম ডেভিড ভিয়াকে। প্রথম আলোর এই বিশ্বকাপ আয়োজনে চার বছর আগে সম্ভাব্য সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনটি নাম সাজিয়ে লিখেছিলাম, ভিয়া, তোরেস, মেসি...। ভিয়া সর্বোচ্চ পাঁচটি গোল করেছিলেন। পাঁচটি করে গোল ছিল টমাস মুলার, স্নাইডার ও ফোরলানেরও। তবে বেশি গোলে সহায়তা করায় সোনার জুতা পেয়ে যান জার্মানির মুলার। এবারও মুলারের ভালো সম্ভাবনা দেখছি। মহাতারকা মেসির পর তাঁঁর নামটাই রাখব।
আর্জেন্টিনা ফাইনালে খেলবে এমন স্বপ্ন অনেকেরই। সেটিকে সত্য করতে অবশ্যই মেসির পায়ে গোল চাই। ম্যারাডোনার উত্তরসূরিরা মারকানার ফাইনালে থাকলে মেসির সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলব। গ্রুপপর্বে আর্জেন্টিনা পাচ্ছে নাইজেরিয়া, বসনিয়া ও ইরানকে। তিন প্রতিপক্ষই তুলনামূলক সহজ। এ ম্যাচগুলোতে মেসি গোল বাড়িয়ে নিতে পারেন, তেমন সম্ভাবনা দেখছি।
দক্ষিণ আফ্রিকায় গোলবিহীন ছিলেন। কিন্তু ব্রাজিলে গোল পাবেন বলেই আমার বিশ্বাস। একজন সত্যিকারের স্কোরার হিসেবে বহুবার নিজেকে প্রমাণ করেছেন এ যুগের ফুটবলের অন্যতম বড় বিজ্ঞাপন। বার্সেলোনার জার্সিতে সাম্প্রতিক ফর্মটা হয়তো উজ্জ্বল ছিল না। তবে বিশ্বকাপ ভিন্ন মঞ্চ, যেখানে নিজেকে তুলে ধরতে মুখিয়েই থাকবেন মেসি।
কাগজে দেখেছি, মেসির সতীর্থ আগুয়েরোও বলেছেন তাঁর চোখ সোনার বুটে। হ্যাঁ, ম্যারাডোনার সাবেক জামাতা সোনার বুট জিততেই পারেন। দারুণ ফরোয়ার্ড। মেসির সঙ্গে আগুয়েরোর দ্বৈরথ জমলে আর্জেন্টিনা হয়ে উঠতে পারে শীর্ষ ফেবারিট। এমনকি ব্রাজিলের চেয়েও তাদের সম্ভাবনা বেড়ে যাবে তখন। সেদিক থেকে মেসি, আগুয়েরোদের জ্বলে ওঠা বিপজ্জনকই হবে অন্যদের জন্য।
আগুয়েরো সোনার বুটে চোখ রেখে গোলের জন্য অনেক বেশি ঝাঁপাবে বোঝাই যাচ্ছে। তবে মেসি তো মেসিই। অন্যদের চেয়ে তিনি এগিয়ে। দেশকে বিশ্বকাপ উপহার দিতে এটিই মেসির সবচেয়ে বড় সুযোগ। আগামী বিশ্বকাপে তাঁর খেলা হয় কিনা জানি না, খেললেও ফর্ম হয়তো পড়তির দিকে থাকবে। এবারের বিশ্বকাপে মেসি তাই নিজেকে উজাড় করে দেবেন। সফল হলে গোল্ডেন বুটটা মেসির না হওয়ার কোনো কারণ দেখছি না।
এটা ঘটনা, প্রথাগত স্ট্রাইকারের এখন খুবই আকাল। খেলার ধারা বদলে যাওয়ায় প্রতিটি দলেই গোল করার লোক অনেক। এককভাবে কারও ওপর এখন আর নির্ভরশীল নয় দলগুলো। প্রথাগত স্ট্রাইকারের ধারণাটাই পরিত্যাগ করছে আধুনিক ফুটবল।
আর্জেন্টিনা দলটাই দেখুন, মেসি-আগুয়েরো, ডি মারিয়া, হিগুয়েইন...কত কত স্কোরার! প্রথাগত স্ট্রাইকার বলতে করিম বেনজামা, ক্লোসা, হিগুয়েইনের নাম বলেই আপনি থেমে যাবেন। ক্লোসার তো একাদশে থাকাই অনিশ্চিত। যার অর্থ, প্রথাগত স্ট্রাইকার খুঁজতে হবে এখন আতশি কাচ দিয়ে!
কী আশ্চর্য এতক্ষণেও রোনালদোর নামটা এল না! অথচ মেসি না রোনালদো? এই তর্ক অনেক দিন ধরেই চলছে। হালের সংযোজন ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার। রোনালদো-নেইমারও বাজিমাত করতে পারেন এই বিশ্বকাপে, সর্বোচ্চ গোলদাতা হওয়ার সামর্থ্য তাঁদের আছে। কিন্তু সোনার বুটের লড়াইয়ে এই দুজনকে শীর্ষ এক-দুইয়ে রাখতে পারছি না। পর্তুগাল খুব বেশি দূর যাবে মনে করার কারণ নেই। কাজেই রোনালদোর সম্ভাবনা কমই। ব্রাজিল তো চ্যাম্পিয়নই হতে পারে। তাহলে নেইমার শীর্ষ ফেবারিট নয় কেন?
এটা সত্য, নেইমারকে ভরকেন্দ্রে রেখেই করেই ব্রাজিলের যাবতীয় আশা ঘূর্ণমান। নিজের প্রথম বিশ্বকাপে গোলও হয়তো পাবেন। ব্রাজিলকে বিশ্বকাপ উপহারও দিতে পারেন। এত কিছু মাথায় রেখেও নেইমারকে সোনার জুতার লড়াইয়ে একটু পেছনে রাখছি। কারণ, ব্রাজিল দলটা একার নেইমারের ওপর নির্ভরশীল নয়। মেসি আর রোনালদো ছাড়া আধুনিক ফুটবল পুরোপুরিই দলীয় নির্ভর খেলা হয়ে পড়েছে।
তার ওপর কে-কখন জ্বলে ওঠেন বলা মুশকিল। এ কারণেই ভিয়া-তোরেসদের নাম এবারও লিখছি। এঁরা এবার আর স্পেনের প্রথম একাদশে সুযোগ পাবেন কি না জানি না। তবে গোল পেতে পারেন দুজনই, জাত স্ট্রাইকারের সব গুণ আছে তাঁদের। ইংলিশ লিগে বেশ ভালো করেছেন লু্ইস সুয়ারেজ। বিশ্বকাপে উরুগুয়ের আশার প্রতীক। কিন্তু তিনি ফিট নন। ফিট থাকলে সুয়ারেজও ভালো করার ক্ষমতা রাখেন। যদিও তাঁর দল বেশি দূর না যাওয়ার সম্ভাবনাই বেশি।
অন্য সব নাম মাথায় রেখেই বলছি, এবার মেসি। সোনার জুতার সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টাইন জাদুকরই।
কাজী সালাউদ্দিন: বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও বাফুফের বর্তমান সভাপতি