এবার মেসি, না অন্য কেউ?
চারবারের সেরা লিওনেল মেসি, না অন্য কেউ? কে হবেন এবারের ফিফা ব্যালন ডি’অঁর জয়ী? জানতে অপেক্ষা করতে হবে ১৩ জানুয়ারি পর্যন্ত। সুইজারল্যান্ডের জুরিখে সেদিনই ঘোষণা করা হবে ২০১৩ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম। গতকাল প্রকাশ করা হয়েছে পুরস্কারের দাবিদার ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা।
খুব প্রত্যাশিতভাবেই এ তালিকায় জায়গা পেয়েছেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন আর জ্লাতান ইব্রাহিমোভিচের মতো নামীদামি তারকারা। তাঁদের মধ্য থেকেই ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও সাংবাদিকদের ভোটে সেরা তিনজনের নাম প্রকাশ করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই তিনজনের যেকোনো একজনই হবেন এ বছরের ফিফা ব্যালন ডি’অঁর জয়ী।
এ বছর ফিফা বর্ষসেরা কোচের জন্য মনোনীত ১০ জনের নামও কাল প্রকাশ করা হয়েছে। ব্যলন ডি’অরের রাতে ঘোষণা করা হবে সেরা কোচ, সেরা নারী ফুটবলার, ফিফা বর্ষসেরা একাদশ ও সবচেয়ে সুন্দর গোলের জন্য পুসকাস পুরস্কার।
মনোনীত ২৩ ফুটবলার
গ্যারেথ বেল, এডিনসন কাভানি, রাদামেল ফ্যালকাও, ইডেন হ্যাজার্ড, জ্লাতান ইব্রাহিমোভিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, ফিলিপ লাম, রবার্ট লেভানডফস্কি, লিওনেল মেসি, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার, নেইমার, মেসুট ওজিল, আন্দ্রেয়া পিরলো, ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন, ক্রিস্টিয়ানো রোনালদো, বাস্তিয়ান শোয়েইনস্টেইগার, লুইস সুয়ারেজ, থিয়াগো সিলভা, ইয়া ইয়া তোরে, রবিন ফন পার্সি, জাভি।
মনোনীত ১০ কোচ
কার্লো আনচেলত্তি, রাফায়েল বেনিটেজ, আন্তনিও কন্তে, ভিসেন্তে দেল বস্ক, স্যার অ্যালেক্স ফার্গুসন, ইয়ুপ হেইঙ্কেস, ইয়ুর্গেন ক্লপ, হোসে মরিনহো, লুইস ফেলিপে স্কলারি, আর্সেন ওয়েঙ্গার। ফিফা ডটকম।