এবার মেসির জোড়া গোল
বার্সেলোনার জার্সি গায়ে গোল করেই চলেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে পাঁচ গোল করার অনন্য কীর্তি গড়ার পর গতকাল লা লিগায় জোড়া গোল করেছেন ফিফার এই বর্ষসেরা ফুটবলার। মেসির জোড়া গোলে রেসিং সান্তাদারকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে শিরোপা জয়ের লড়াইয়ে এখনো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে কাতালানরা।গতকাল প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের ২৯ মিনিটে বার্সেলোনাকে প্রথম গোলটি এনে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে জয়ও নিশ্চিত করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে জয় পেলেও লা লিগার ২৬ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো বেশ খানিকটা পিছিয়ে আছে বার্সেলোনা। ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। অন্যদিকে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার শিষ্যরা। শিরোপা জয়ের জন্য শেষ ১২ ম্যাচে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বার্সেলোনাকে। ম্যাচ শেষে সেটাই শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমাদেরকে এখনো অনেক কঠোর পরিশ্রম করতে হবে।’ রয়টার্স