এবার মেয়েদের হকিও
বাংলাদেশে মেয়েদের খেলাধুলার প্রসার গত কয়েক বছরে চোখে পড়ার মতোই। তা আরও প্রসারিত হচ্ছে হকিতে মেয়েদের টুর্নামেন্ট শুরু হওয়ায়। আজ শুরু হওয়ার কথা ছিল ইউসিবি ডেভেলপমেন্ট কাপ প্রথম মহিলা হকি টুর্নামেন্ট। কিন্তু হরতালের কারণে আগামীকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে এটি শুরু হবে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ছয়টি দলকে। ‘ক’ গ্রুপে আছে পুরান ঢাকার হকির সূতিকাগার আরমানিটোলার আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়। ‘খ’ গ্রুপে নড়াইল, বান্দরবান ও নাহার একাডেমি। উদ্বোধনী দিনে বেলা দুইটায় নড়াইল-নাহার একাডেমি ম্যাচ। বিকেল সাড়ে তিনটায় আনন্দময়ী খেলবে মিউনিসিপ্যাল স্কুলের সঙ্গে। ২৪ মে ফাইনাল। বাংলাদেশে মেয়েদের হকি সর্বশেষ হয়েছে ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত। ওই আয়োজন ছিল মহিলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে। ফেডারেশনের উদ্যোগে এটিই প্রথম টুর্নামেন্ট। কাল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, এই টুর্নামেন্টে ভালো সাড়া পাওয়া গেলে বাংলাদেশ মহিলা হকি দল গড়ার চিন্তাভাবনা করা হবে। এটি হকি ফেডারেশনের চলমান উন্নয়ন কর্মসূচিরই অংশ। ইউসিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাবেদ ইকবাল বলেছেন, সামনের দিকে তাঁরা সহযোগিতার হাত আরও বাড়াবেন।টুর্নামেন্টটি নিয়ে মেয়েদের মধ্যে বেশ উৎসাহ। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আনন্দময়ী স্কুলের প্রধান শিক্ষিকা আজিজুন নেসা জানালেন, মেয়েদের এখন এত উৎসাহ যে কাকে রেখে কাকে বাদ দেবেন, সেই চিন্তায় পড়েছেন।